বুধবার
১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘এসির বিস্ফোরণ’ থেকে কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, প্রাণহানি বাড়ার শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ১২:০৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত নয়জন নিহত হয়েছেন। নিহতদের সবাই বাংলাদেশি নাগরিক। তাদের মধ্যে এক শিশুও রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলের এসি থেকে বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার (১৯ আগস্ট) ভোরে কলকাতার নিউমার্কেট এলাকার কাছে ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে এ ঘটনা ঘটে। আগুন লাগার পর ভবনের ভেতরে বেশ কয়েকজন অতিথি আটকা পড়েন। খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, নিহত নয় বাংলাদেশি চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন। আগুনের পর ভবনটি ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ায় উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের কর্মীদেরও বেশ বেগ পেতে হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, হোটেলের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এসি বিস্ফোরণকে সম্ভাব্য কারণ হিসেবে দেখা হলেও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি কর্তৃপক্ষ।

স্থানীয় সময় রাত প্রায় দুইটার দিকে হোটেলে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের একটি বিশেষ দলও উদ্ধার অভিযানে যুক্ত হয়।

আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় হোটেলের বিভিন্ন কক্ষ ধোঁয়ায় ভরে যায়। এতে অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আটকে পড়া ব্যক্তিদের বের করে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ সময় ধরে অভিযান চালান। পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

পিটিআইকে এক পুলিশ কর্মকর্তা বলেন, ঘন ধোঁয়ার কারণে ওপরের তলাগুলোতে পৌঁছাতে উদ্ধারকর্মীদের সমস্যা হচ্ছিল। এখন পর্যন্ত নয়জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

পুলিশ জানিয়েছে, আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার এবং আগুনের প্রকৃত কারণ অনুসন্ধান—দুই কাজই এখন অগ্রাধিকার পাচ্ছে। আগুন নিভে যাওয়ার পর ভবন ঠান্ডা করার কাজও চলছে।

সূত্র: এনডিটিভি

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank