সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে নিজেদের ‘অঙ্গ’ মনে করে ভারত: দিলীপ ঘোষ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৪:৪৪ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা পুনরায় চালুর প্রসঙ্গে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গ সরকারের উপমুখ্যমন্ত্রী ও পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেছেন, ভারত বাংলাদেশকে নিজেদের ‘অঙ্গ’ মনে করে। একই সঙ্গে তিনি দাবি করেন, বাংলাদেশের শিল্প-কলকারখানা নেই এবং দেশটি এখন বুঝতে পেরেছে, দুই দেশের সম্পর্কের অবনতিতে সবচেয়ে বেশি ক্ষতি তাদেরই হয়েছে।

রোববার (২৮ জুন) আরএসএস-ঘনিষ্ঠ প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের চিকিৎসকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ভেটেরিনারি ডক্টরস আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

দিলীপ ঘোষ বলেন, ‘ভিসা তো আমরা সব সময়ই দিতাম। বাংলাদেশকে আমরা অঙ্গ মনে করি। কিন্তু তারা যদি আমাদের সে দৃষ্টিতে না দেখে, শত্রুর মতো আচরণ করে, তাহলে আমাদেরও কঠোর হতে হয়।’

বাংলাদেশিদের চিকিৎসার জন্য ভারতে আসার প্রসঙ্গ তুলে তিনি বলেন, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে স্বাস্থ্যসেবা ও বাণিজ্যিক যোগাযোগের সুযোগ রয়েছে। পাশাপাশি দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানির সম্পর্কও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশের শিল্প খাত নিয়েও মন্তব্য করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘ওদের কলকারখানা নেই। চাল, ডাল, তেল, নুন, ফল ও সারসহ নানা পণ্য পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা সেখানে পাঠান। আমাদের অনেক ব্যবসায়ীর কোটি কোটি টাকা বাংলাদেশে আটকে আছে।’

তিনি আরও বলেন, ভিসা ব্যবস্থা চালু হলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা উপকৃত হবেন এবং দুই দেশের অর্থনৈতিক যোগাযোগ আগের অবস্থায় ফিরতে পারে।

এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটন ভিসা কার্যক্রম স্থগিত করেছিল।

তবে নতুন করে বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার। এর ফলে দুই দেশের মানুষের যাতায়াত আবার স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন