

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের লক্ষ্যে অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে)-কে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তবে এই সমর্থনের সঙ্গে একটি শর্তও জুড়ে দিয়েছে দলটি। এটি হলো, জোটে কোনো ‘সাম্প্রদায়িক শক্তি’কে রাখা যাবে না।
কংগ্রেসের তামিলনাড়ুর দায়িত্বপ্রাপ্ত নেতা গিরিশ চোদাঙ্কর জানান, রাজ্য কংগ্রেস ও কংগ্রেস লেজিসলেটিভ পার্টি টিভিকের পাশে থাকার বিষয়ে একমত হয়েছে। এক বিবৃতিতে তিনি বলেন, সংবিধানের আদর্শে বিশ্বাস করে না—এমন কোনো শক্তিকে জোটে অন্তর্ভুক্ত করা হলে সেই সমর্থন বহাল থাকবে না।
সংখ্যার হিসাবে কংগ্রেসের পাঁচ বিধায়কের সমর্থন পেলে টিভিকের আসন দাঁড়াবে ১১৩। যদিও সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন, ফলে এখনও কিছুটা পথ বাকি রয়েছে। এ কারণে এখন অন্য দলগুলোর সমর্থন পাওয়ার চেষ্টা চালাচ্ছে বিজয়ের দল।
রাজনৈতিক অঙ্ক মেলাতে টিভিকে ইতোমধ্যে বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে), কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (সিপিআই) এবং কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (মার্কসবাদী) (সিপিএম) দিকে নজর দিচ্ছে। এই তিন দলের সমর্থন মিললে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হতে পারে।
এরই মধ্যে নতুন করে আলোচনা তৈরি হয়েছে টিভিক নেতাদের এডাপ্পাডি কে পলানিস্বামীর সঙ্গে বৈঠক ঘিরে। চেন্নাইয়ে তার বাসভবনে হওয়া এই সাক্ষাৎকে রাজনৈতিক মহলে গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এতে অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুনেত্র কাঝাগমের (এআইএডিএমকে) ভেতরে নতুন সমীকরণ তৈরি হতে পারে, বিশেষ করে তাদের বর্তমান জোট রাজনীতির প্রেক্ষাপটে।
কংগ্রেস জানিয়েছে, এই সমর্থন কেবল সরকার গঠনেই সীমাবদ্ধ নয়; ভবিষ্যতের স্থানীয় সরকার, লোকসভা ও রাজ্যসভা নির্বাচনেও সমঝোতা বজায় থাকতে পারে। পাশাপাশি রাহুল গান্ধী ও বিজয় যৌথভাবে একটি ধর্মনিরপেক্ষ ও উন্নয়নমুখী সরকার গঠনের অঙ্গীকার করেছেন বলেও উল্লেখ করা হয়।
