বৃহস্পতিবার
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মেসির আগমনে বিশৃঙ্খলা, পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:২৭ পিএম
ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাস ও লিওনেল মেসি
expand
ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাস ও লিওনেল মেসি

কলকাতার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির উপস্থিতিকে কেন্দ্র করে সৃষ্ট ব্যাপক বিশৃঙ্খলার ঘটনায় রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে বড়সড় প্রতিক্রিয়া দেখা গেছে। এই ঘটনার দায় নিয়ে পশ্চিমবঙ্গের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাস তাঁর মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে ক্রীড়া দপ্তরের দায়িত্ব থেকে অব্যাহতি চান, যা মুখ্যমন্ত্রী গ্রহণ করেছেন।

পদত্যাগপত্রে অরূপ বিশ্বাস উল্লেখ করেন, যুবভারতীতে ১৩ ডিসেম্বরের ঘটনায় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছেন। সেই তদন্ত যাতে সম্পূর্ণ নিরপেক্ষভাবে সম্পন্ন হয়, সে কারণেই তিনি ক্রীড়ামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি স্পষ্ট করে জানান, এই সিদ্ধান্ত শুধুমাত্র তদন্ত প্রক্রিয়াকে প্রভাবমুক্ত রাখার স্বার্থেই।

চিঠিতে অরূপ বিশ্বাস লিখেন, ‘নিরপেক্ষ তদন্তের মর্মে আমি ক্রীড়ামন্ত্রী হিসেবে আপনার কাছে অব্যাহতি চাইছি।’ ওই চিঠিতে তিনি স্পষ্ট জানিয়েছেন, গত ১৩ ডিসেম্বর লিওনেল মেসির যুবভারতীতে আগমনে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছেন। তার পরিপ্রেক্ষিতে নিরপেক্ষ তদন্ত চান বলেই তিনি অব্যাহতি চাইছেন।

মমতার দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দলটির মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, নিরপেক্ষ তদন্তের স্বার্থেই ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চেয়েছেন অরূপ। মুখ্যমন্ত্রী সেই পদত্যাগ গ্রহণ করেছেন। এ সময় কুণাল ঘোষ অরূপের ইস্তফাপত্র প্রকাশ্যে আনেন। চিঠিটির উপরে ১৫ ডিসেম্বর, ২০২৫ তারিখ উল্লেখ রয়েছে। তবে, চিঠিতে অরূপ বিশ্বাসের স্বাক্ষর নেই। তবে টালিগঞ্জের অরূপ-ঘনিষ্ঠ একাধিক নেতার দাবি, চিঠির হাতের লেখা মন্ত্রীরই।

কুণাল ঘোষ বলেন, ‘এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও লজ্জাজনক ঘটনা। মুখ্যমন্ত্রী আগেই দুঃখপ্রকাশ করেছেন। নজিরবিহীনভাবে দু’টি তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি। এরমধ্যে একটি পুলিশি তদন্ত কমিটি, অন্যটি অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি। ডিজিকেও শোকজ করা হয়েছে। তদন্ত যাতে সম্পূর্ণ নিরপেক্ষভাবে হয়, সেই কারণেই ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা চেয়েছেন অরূপ বিশ্বাস।’

রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, বিধাননগর পুলিশের কমিশনার মুকেশ কুমার এবং ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের সচিব রাজেশ কুমার সিনহাকে শোকজ করা হয়েছে। বিধাননগর পুলিশের ডিসি অনীশ সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং যুবভারতী ক্রীড়াঙ্গনের সিইও দেবকুমার নন্দনকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট আধিকারিকদের ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত চলাকালীন ডিসি অনীশ সরকার সাসপেন্ড থাকবেন। মুখ্যসচিব মনোজ পন্থের দপ্তর থেকে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X