বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফের জেন-জির বিক্ষোভে উত্তাল নেপাল, কারণ কী?

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৭:৪০ পিএম আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৭:৪৩ পিএম
expand
ফের জেন-জির বিক্ষোভে উত্তাল নেপাল, কারণ কী?

নেপালের রাজধানী কাঠমান্ডুতে এক রাইডশেয়ার চালকের মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সিংদরবার সচিবালয়ের সামনে জড়ো হওয়া শত শত বিক্ষোভকারী দরিদ্র জনগোষ্ঠীর প্রতি প্রশাসনের আচরণের প্রতিবাদ জানিয়ে মানবাধিকার সুরক্ষা এবং জবাবদিহির দাবি তুলেছেন।

বিক্ষোভের সূত্রপাত ২৫ বছর বয়সী রাইডশেয়ার চালক গণেশ নেপালির মৃত্যুর ঘটনায়। গত সপ্তাহে যাত্রী নেওয়ার অপেক্ষায় থাকা অবস্থায় পৌর পুলিশ তার মোটরসাইকেলের চাকা লক করে দেয় বলে অভিযোগ ওঠে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ওই ঘটনার পর হতাশাগ্রস্ত গণেশ নিজের শরীরে আগুন ধরিয়ে দেন। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও পরদিন তিনি মারা যান।

এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। বিক্ষোভকারীদের দাবি, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; বরং দীর্ঘদিন ধরে নিম্নআয়ের মানুষ, পথের হকার এবং ভূমিহীনদের প্রতি প্রশাসনের কঠোর আচরণেরই প্রতিফলন।

বিশেষ করে নদীতীরবর্তী বসতি উচ্ছেদ, ফুটপাতের ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান এবং জীবিকার ওপর নির্ভরশীল মানুষের প্রতি পৌর পুলিশের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, নগর ব্যবস্থাপনার নামে দরিদ্র মানুষের ওপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করা হচ্ছে।

২০২২ সালে মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর বালেন্দ্র (বালেন) শাহ নগর ব্যবস্থাপনায় কঠোর অবস্থান গ্রহণ করেন। ফুটপাত দখলমুক্ত করা ও অননুমোদিত স্থাপনা অপসারণের উদ্যোগকে অনেকেই নগর উন্নয়নের অংশ হিসেবে দেখলেও, সমালোচকদের মতে এসব অভিযানে মানবিক দৃষ্টিভঙ্গির ঘাটতি রয়েছে এবং তা প্রায়ই সংঘাতের জন্ম দিচ্ছে।

এদিকে আইন বিশেষজ্ঞদের একাংশের দাবি, নেপালের বিদ্যমান আইনি কাঠামো অনুযায়ী পৌর পুলিশের ক্ষমতা সীমিত। তাদের প্রধান দায়িত্ব নাগরিক সহায়তা, পরিচ্ছন্নতা তদারকি এবং পৌর সম্পদ রক্ষা। জনশৃঙ্খলা নিয়ন্ত্রণ বা বলপ্রয়োগের প্রয়োজন হলে তা নেপাল পুলিশের মাধ্যমে পরিচালিত হওয়ার কথা।

অবসরপ্রাপ্ত কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা একই ধরনের মত দিয়েছেন। তাদের ভাষ্য, জননিরাপত্তা-সংক্রান্ত পরিস্থিতিতে পৌর পুলিশের এককভাবে বলপ্রয়োগের সুযোগ নেই। এমন অবস্থায় নিয়মিত পুলিশের সহযোগিতা নেওয়াই আইনসম্মত প্রক্রিয়া।

গণেশ নেপালির মৃত্যুর ঘটনার পর সেই ক্ষমতার সীমা, প্রশাসনিক জবাবদিহি এবং নগর ব্যবস্থাপনায় মানবিকতার প্রশ্ন নতুন করে আলোচনায় এসেছে। যে তরুণ ভোটারদের সমর্থনে বর্তমান নগর প্রশাসন ক্ষমতায় এসেছিল, তাদেরই একটি অংশ এখন নীতিগত পরিবর্তন এবং দায়িত্বশীল প্রশাসনের দাবিতে রাজপথে নেমেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
England VS Argentina
Scheduled
16 Jul, 01:00 AM
VS
World Cup