

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি জীবিত ও সুস্থ আছেন—সম্প্রতি প্রকাশিত কয়েকটি ছবি থেকে এমন ধারণা পাওয়া যাচ্ছে। দেশটির রাজধানী নেপিদোতে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) এক প্রতিনিধির সঙ্গে তাঁর বৈঠক হয়েছে বলে জানিয়েছে সামরিক সরকার।
২০২১ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে নোবেল শান্তি পুরস্কারজয়ী সু চিকে আর জনসমক্ষে দেখা যায়নি। দীর্ঘ সময় পর তাঁর ছবি প্রকাশ্যে আসায় আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সোমবার (৩ আগস্ট) মিয়ানমারের প্রেসিডেনশিয়াল প্রেস অ্যান্ড ইনফরমেশন ব্যুরো জানায়, আইসিআরসির মিয়ানমার প্রতিনিধি আর্নো দ্য বাক নেপিদোতে অং সান সু চির সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রকাশিত দুটি ছবিতে তাঁদের করমর্দন করতে এবং একটি কক্ষে বসে আলোচনা করতে দেখা যায়।
তবে বৈঠকটি ঠিক কোথায় অনুষ্ঠিত হয়েছে বা কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে সামরিক সরকার কোনো বিস্তারিত তথ্য দেয়নি। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আইসিআরসির পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সামরিক সরকারের প্রকাশিত অপর দুটি ছবিতে সু চিকে একটি গোলাপি রঙের জন্মদিনের কেক কাটতে দেখা যায়। কেকের ওপর লেখা ছিল—‘হ্যাপি বার্থডে আন্টি সু, ১৯.৬.২০২৬’। ছবিগুলো তার ৮১তম জন্মদিন উদ্যাপনের সময় তোলা বলে ধারণা করা হচ্ছে। এসব ছবিতে সু চিকে হাস্যোজ্জ্বল দেখা গেলেও শুধু ছবি দেখে তার প্রকৃত শারীরিক অবস্থা নিশ্চিত করা সম্ভব নয়।
সু চির যুক্তরাজ্যপ্রবাসী ছোট ছেলে কিম অ্যারিস এবং মিয়ানমারের গণতন্ত্রকামী কর্মীরা দীর্ঘদিন ধরে তার সুস্থতার প্রমাণের দাবি জানিয়ে আসছিলেন। নতুন ছবিগুলো সেই প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ হলেও বিরোধী জাতীয় ঐক্য সরকারের (এনইউজি) মুখপাত্র নে ফোন লাত বলেন, রেড ক্রসের সঙ্গে এই বৈঠককে জান্তা সরকারের মানবাধিকার রক্ষার পদক্ষেপ বলা যায় না। সু চিকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে এবং তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে।