শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

লাইভে এসে সংসদ ভেঙে দিলেন পালিয়ে যাওয়া মাদাগাস্কারের প্রেসিডেন্ট

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১১:৫০ পিএম
মাদাগাস্কারের প্রেসিডেন্ট
expand
মাদাগাস্কারের প্রেসিডেন্ট

সেনাবাহিনীর একাংশের সহায়তায় শুরু হওয়া বিক্ষোভ ও অভ্যুত্থানচেষ্টার পর মাদাগাস্কার ছেড়ে পালিয়ে গেছেন দেশটির প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা।

তবে দেশ ছাড়লেও থেমে থাকেননি তিনি, সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে জাতীয় সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন, যা নতুন করে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছে।

সোমবার (১৪ অক্টোবর) ফেসবুক লাইভে দেওয়া এক বক্তব্যে রাজোয়েলিনা জানান, দেশের ‘শৃঙ্খলা ও গণতন্ত্র রক্ষার স্বার্থে’ সংসদ বিলুপ্তির সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কিছুক্ষণ পরই তাঁর এই ঘোষণা রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশনেও সম্প্রচার করা হয়।

তবে বিরোধীদলীয় নেতা সিটেনি র‌্যান্ড্রিয়ানাসোলোনিয়াইকো এই সিদ্ধান্তকে সংবিধানবিরোধী বলে আখ্যা দেন।

লাইভে প্রেসিডেন্ট রাজোয়েলিনা অভিযোগ করেন, সেনাবাহিনীর কিছু সদস্য ও রাজনীতিক তাঁর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, ‘২৫ সেপ্টেম্বর থেকে আমাকে হত্যার চেষ্টা চলছে। নিরাপত্তার স্বার্থে আমি বর্তমানে একটি নিরাপদ স্থানে অবস্থান করছি।’

গত কয়েক সপ্তাহ ধরে মাদাগাস্কারে তীব্র বিদ্যুৎ ও পানি সংকট নিয়ে বিক্ষোভ চলছিল। পরে তরুণ প্রজন্ম, বিশেষত জেন জি আন্দোলনকারীরা সরকারের পদত্যাগ দাবি করে রাস্তায় নেমে আসে।

রোববার ফরাসি সামরিক বিমানে দেশ ত্যাগ করেন রাজোয়েলিনা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকের পরই তিনি দেশ ছাড়েন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

দুর্নীতি ও জনসেবা সংকটের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ ২৫ সেপ্টেম্বর থেকে ক্রমেই সহিংস রূপ নেয়। সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিট আন্দোলনকারীদের পাশে দাঁড়ালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং প্রেসিডেন্ট কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন