

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে নয়াদিল্লি। এ ঘটনায় দেশটির জাতীয় পরীক্ষা সংস্থা (এনটিএ) বিলুপ্ত করার পাশাপাশি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছে বিভিন্ন ছাত্র সংগঠন।
শনিবার (১৬ মে) রাজধানীতে প্রধান বিরোধী দল কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই-এর কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। ব্যারিকেডে উঠে তারা প্রতিবাদ জানাতে থাকেন এবং এনটিএ–বিরোধী স্লোগান দেন। একই সঙ্গে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও তোলেন তারা।
বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করে বলে জানা গেছে। এতে পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে।
এদিকে প্রশ্ন ফাঁসের ঘটনায় তদন্তে অগ্রগতির দাবি করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। তাদের তথ্যমতে, পুনের এক অধ্যাপক পিভি কুলকার্নিকে এ চক্রের মূল হোতা হিসেবে গ্রেফতার করা হয়েছে।
অভিযোগ রয়েছে, এনটিএ–এর সঙ্গে যুক্ত থাকার কারণে পরীক্ষার প্রশ্নপত্রে তার প্রবেশাধিকার ছিল, যা ব্যবহার করে তিনি নিজের কোচিং ব্যাচের শিক্ষার্থীদের আগেই প্রশ্ন ও উত্তর জানিয়ে দেন।
তদন্তে আরও জানা গেছে, এই চক্রের সঙ্গে জড়িত সন্দেহে জয়পুর, গুরুগ্রাম ও নাসিকসহ বিভিন্ন শহর থেকে একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। দেশজুড়ে অভিযান চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও ইলেকট্রনিক ডিভাইসও জব্দ করেছে সিবিআই।
প্রশ্নফাঁসের ঘটনায় প্রায় ২৩ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়ায় গত মঙ্গলবার পরীক্ষা বাতিল করা হয়। পরে নতুন করে আগামী ২১ জুন পরীক্ষার তারিখ ঘোষণা করেছে ভারতের শিক্ষা মন্ত্রণালয়।
