শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

কমেছে রেমিট্যান্স প্রবাহ, অক্টোবরের এলো ৫৫ কোটি ডলার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১০:৩৯ পিএম
মার্কিন ডলার
expand
মার্কিন ডলার

চলতি অক্টোবর মাসের প্রথম ছয় দিনে দেশে এসেছে ৫৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। গড় হিসাবে প্রতিদিনই দেশে প্রবাহিত হয়েছে প্রায় ৯ কোটি ২০ লাখ ডলার।

মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, অক্টোবরের প্রথম ৬ দিনে দেশে এসেছে ৫৫ কোটি ২০ লাখ ডলার, যেখানে গত বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ ছিল ৫৭ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ গত বছরের তুলনায় এবার সামান্য হ্রাস পেয়েছে প্রবাসী আয়ের প্রবাহ।

আরিফ হোসেন খান আরও বলেন, গত ৬ অক্টোবর একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে ৬ অক্টোবর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৮১৩ কোটি ৭০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৩০ শতাংশ বেশি।

এর আগে সেপ্টেম্বরে দেশে এসেছিল ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স। আর আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে রেকর্ড সৃষ্টি করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন