শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিক্ষোভের মুখে মাদাগাস্কারের নতুন প্রধানমন্ত্রী নিয়োগ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১০:০৭ পিএম
মাদাগাস্কারের নতুন প্রধানমন্ত্রী নিয়োগ
expand
মাদাগাস্কারের নতুন প্রধানমন্ত্রী নিয়োগ

মাদাগাস্কারে চলমান বিক্ষোভ ও সহিংসতার প্রেক্ষাপটে প্রেসিডেন্ট অন্দ্রি রাজোয়েলিনা সরকার বিলুপ্ত করে সেনাবাহিনীর জেনারেল রুফিন ফর্চুনাত জাফিসাম্বোকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। তিনি পূর্বের প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান ন্তসাইয়ের স্থলাভিষিক্ত হচ্ছেন।

সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট রাজোয়েলিনা বলেন, দেশ এখন এমন এক নেতার প্রয়োজন, যিনি আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করতে এবং জনগণের আস্থা পুনরুদ্ধার করতে সক্ষম।

গত তিন সপ্তাহ ধরে বিদ্যুৎ ও পানি সংকটের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ চলছে, যা দিন দিন সহিংস আকার নিচ্ছে। গত সপ্তাহে মন্ত্রিসভা ভেঙে দেওয়ার পরও আন্দোলন থামেনি। এখন বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের পদত্যাগও দাবি করছেন।

২৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ আন্দোলনের সূত্রপাত ঘটে সারাদেশে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ও পানি সংকটের কারণে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করছে। রাজধানী আন্তানানারিভোসহ বিভিন্ন শহরে দোকানপাটে হামলা ও লুটপাটের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে রাত্রীকালীন কারফিউ জারি করা হয়েছে এবং প্রধান সড়কগুলোতে ব্যারিকেড বসানো হয়েছে, তবে উত্তেজনা কমেনি।

‘জেন জি মাদাগাস্কার’ নামের তরুণদের সংগঠনের নেতৃত্বে হাজারো মানুষ রাস্তায় নেমে এসেছে। তাদের স্লোগান- ‘রাজোয়েলিনা আউট’, ‘আমরা গরিব, ক্ষুব্ধ ও অসুখী’, ‘মাদাগাস্কার আমাদের।’

ভাষণে প্রেসিডেন্ট রাজোয়েলিনা জনগণের প্রতি সহমর্মিতা জানিয়ে বলেন, বিদ্যুৎ ও পানি সংকটে জনগণের কষ্ট আমি বুঝতে পারছি। তাদের আহ্বানে আমি সাড়া দিচ্ছি এবং তাদের যন্ত্রণাও অনুভব করছি।

রাজোয়েলিনা প্রথম ক্ষমতায় আসেন ২০০৯ সালে এক সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে। পাঁচ বছর অন্তর্বর্তী প্রশাসন পরিচালনার পর ২০১৮ সালে নির্বাচিত প্রেসিডেন্ট হন তিনি এবং ২০২৩ সালে পুনর্নির্বাচিত হন, যদিও সে সময়ও বিরোধীদের প্রতিবাদ ও নির্বাচন বর্জনের ঘটনা ঘটে।

তাঁর নেতৃত্বে শিল্পায়ন, বিদ্যুতায়ন ও মৌলিক সেবার উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে বিদ্যুৎ ও পানির সংকট দেশের সবচেয়ে বড় রাজনৈতিক সংকটে রূপ নিয়েছে।

বিশ্লেষকদের মতে, এই বিক্ষোভ শুধু মাদাগাস্কার নয়, বরং আফ্রিকা ও উত্তর আফ্রিকার তরুণ প্রজন্মের ক্রমবর্ধমান অসন্তোষের প্রতিফলন। মরক্কোসহ আরও কয়েকটি দেশে ‘GenZ’ তরুণদের নেতৃত্বে সরকারি দুর্নীতি ও দুর্বল সেবার বিরুদ্ধে একই ধরনের আন্দোলন ছড়িয়ে পড়ছে।

সূত্র: রয়টার্স

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন