

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের শিলিগুড়ি শহরের হোটেলগুলোতে বাংলাদেশি নাগরিকদের থাকার ওপর আরোপিত নিষেধাজ্ঞা অবশেষে তুলে নেওয়া হয়েছে। সোমবার গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (জিএসএইচডব্লিউএ) এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায়।
সংস্থাটি জানায়, আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ২০২৪ সালের ৯ ডিসেম্বর প্রথমে বাংলাদেশি পর্যটকদের ওপর সীমিত বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। পরে ভিসা কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতিতে ২০২৫ সালের ডিসেম্বর মাসে সেই সিদ্ধান্ত আরও কঠোর হয়ে পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞায় রূপ নেয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শুরুতে আংশিক নিয়ন্ত্রণ থাকলেও পরবর্তীতে সব ধরনের বাংলাদেশি ভ্রমণকারীর জন্য সদস্যভুক্ত হোটেলগুলোতে অবস্থান সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল।
সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমবঙ্গ-এর এই গুরুত্বপূর্ণ শহরের হোটেলগুলোতে এখন আবার বাংলাদেশি পর্যটক ও দর্শনার্থীরা কক্ষ বুকিং করতে পারবেন। অ্যাসোসিয়েশন জানিয়েছে, সদস্যভুক্ত সব হোটেলে বাংলাদেশি নাগরিকদের থাকার ওপর থাকা সকল নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে।
গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার গঠনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। ওই দিন তারেক রহমান বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনের অবসান ঘটে।
বিবৃতিতে বলা হয়, বর্তমান পরিস্থিতি পুনর্মূল্যায়নের পর গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সদস্য হোটেল মালিকদের মাঝে আনুষ্ঠানিকভাবে ভোটাভুটির আয়োজন করে। ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠ সদস্য পুনরায় বাংলাদেশিদের জন্য হোটেল বুকিং শুরু করার পক্ষে মত দেন।
জিএসএইচডব্লিউএ বিবৃতিতে বলেছে, দুই দেশের সরকার সীমান্ত পারাপারের বিধিনিষেধ শিথিল করায় অ্যাসোসিয়েশন উভয় দেশের সীমান্তসংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহারে পারস্পরিক সদিচ্ছার বিষয়টি স্বীকার করছে।
অ্যাসোসিয়েশন বাংলাদেশি অতিথিদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেও জোর দিয়ে বলেছে, ভারতের নিরাপত্তা ও মর্যাদা সবার আগে। ভবিষ্যতে কোনও অসম্মানজনক কিংবা উসকানিমূলক ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর ব্যবস্থা নিতে তারা দ্বিধা করবে না বলেও সতর্ক করেছে।
বিবৃতিতে বলা হয়, আমরা নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেও অ্যাসোসিয়েশন দৃঢ়ভাবে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করছে যে, দেশই সবার আগে। ভবিষ্যতে আমাদের দেশের প্রতি কোনও অসম্মান বা উসকানিমূলক বক্তব্যের ঘটনা ঘটলে আমরা আবারও কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করব না।
সূত্র: এএনআই।
মন্তব্য করুন

