শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ১০:০৯ পিএম আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ১০:৫৬ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়তে পারে। এর মধ্যে দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়ার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে এসময়ের মধ্যে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসটি দিয়েছেন আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঝাড়খণ্ড ও আশপাশের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে থাকা স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ এবং পরে লঘুচাপে রূপ নিয়েছে। বর্তমানে এটি একই এলাকায় অবস্থান করছে এবং আরও দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপ তৈরি হতে পারে।

মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশ হয়ে লঘুচাপের কেন্দ্র এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল পেরিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বাংলাদেশে মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকলেও উত্তর বঙ্গোপসাগরে এটি প্রবল অবস্থায় রয়েছে।

রোববার সন্ধ্যা পর্যন্ত দেশের আট বিভাগের অনেক এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

সোমবারও দেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এদিন তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

মঙ্গলবার সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবারও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং অন্যান্য কয়েকটি বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এর সঙ্গে দমকা হাওয়া এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এদিন দেশের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। তাই বাইরে বের হলে বৃষ্টির বিষয়টি মাথায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank