শুক্রবার
২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝড়বৃষ্টি, ভ্যাপসা গরম নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৬, ১২:০৩ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ঢাকাসহ দেশের আট বিভাগেই আগামী কয়েকদিন দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। তবে বৃষ্টির মাঝেও পুরোপুরি স্বস্তি মিলছে না, কারণ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকায় ভ্যাপসা গরমের অনুভূতি অব্যাহত থাকতে পারে।

শুক্রবার (২৯ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

আজ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শনিবার চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এবং অন্যান্য বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং অন্যান্য বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস রয়েছে। এই সময় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং অন্যান্য বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

মঙ্গলবারও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। কয়েকটি বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন