শুক্রবার
২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে ৫ বছরের শিশুকে অপহরণের অভিযোগে যুবককে গণধোলাই

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৬, ০৮:৩৫ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের তেলিখাল এলাকায় ৫ বছরের এক মেয়ে শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম সালমান (২৫)। তিনি গোপায়া ইউনিয়নের যাত্রাবড়বাড়ী গ্রামের চনু মিয়ার ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে তেলিখাল এলাকায় খেলাধুলা করছিল একটি ৫ বছরের শিশু। এ সময় সালমান নামের ওই যুবক শিশুটিকে কৌশলে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়দের সন্দেহ হলে তারা সালমানকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন।

একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়। এ সময় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় সালমানকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয় বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। স্থানীয়রা শিশু অপহরণ ও অপরাধ দমনে প্রশাসনের কঠোর নজরদারি এবং টহল জোরদারের দাবি জানিয়েছেন।

হবিগঞ্জ সদর মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এ মুহূর্তে নিশ্চিতভাবে অপহরণের ঘটনা বলা যাচ্ছে না। তবে ওই যুবকের উদ্দেশ্য ভালো ছিল না বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে এবং শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন