শুক্রবার
২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত, আহত ৪

শেরপুর ‎(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৬, ০৮:১৭ এএম আপডেট : ২৯ মে ২০২৬, ০৮:২৬ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

‎বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার শুভগাছা আকন্দপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন, শেরপুর পৌর শহরের উলিপুরপাড়া এলাকার হারুনুর রশিদের ছেলে আবু রায়হান (১৮)। তিনি বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। অপর নিহত তামিম হোসেন (১৮) উপজেলার শেরুয়া বটতলা এলাকার ফুলতলা গ্রামের প্রবাসী নান্নু মিয়ার ছেলে। তিনি শেরউড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

‎আহতরা হলেন মো. রাজন, মো. সিয়াম, মো. হাসান ও ছামির, তারা একেঅপরের বন্ধু ছিলেন বলে জানা যায়। তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

‎প্রত্যক্ষদর্শী রঞ্জু মিয়া জানান, ঈদের দিন সড়ক ফাঁকা থাকায় মোটরসাইকেলগুলো দ্রুতগতিতে চলছিল। রাত আনুমানিক ৮টার দিকে ধুনট থেকে শেরপুরগামী দুটি মোটরসাইকেল এবং বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছয়জনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

‎শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মোছা. দিলরুবা, আবু রায়হানকে মৃত ঘোষণা করেন। আহত অপর পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে তামিম হোসেনও মারা যান।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ জানান, দুর্ঘটনাকবলিত তিনটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন