

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফুটবল বিশ্ব এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হলো। পর্তুগালের ২৫ বছর বয়সী প্রতিশ্রুতিশীল ফুটবলার কেভিন কাস্ত্রো ফুটবল মাঠে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে মারা গেছেন। শনিবার একটি প্রস্তুতি ম্যাচে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে লিসবন ফুটবল অ্যাসোসিয়েশন।
পর্তুগালের তৃতীয় বিভাগের ক্লাব রিয়াল স্পোর্ট ক্লাবের হয়ে শীর্ষ বিভাগের দল এস্ত্রেলা দা আমাদোরার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছিলেন কাস্ত্রো। ম্যাচ চলাকালে হঠাৎ মাঠে পড়ে যান তিনি। এরপরই ঘটে যায় মর্মান্তিক পরিণতি। প্রস্তুতি ম্যাচে মাঠে নামার কয়েক ঘণ্টা আগে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি সাদা-কালো ছবি পোস্ট করেছিলেন কেভিন কাস্ত্রো। ছবিতে ছিল একটি পতাকা এবং লেখা—‘Jesus is King’। এরপরই ঘটে যায় মর্মান্তিক ঘটনা।
ম্যাচ শুরুর মাত্র ১০ মিনিটের মাথায় হঠাৎ অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়েন তিনি। মাঠেই দ্রুত তাকে চিকিৎসা দেওয়া হয়। এস্ত্রেলা দা আমাদোরার একজন চিকিৎসকও চিকিৎসা কাজে অংশ নেন। কাস্ত্রোকে ডিফিব্রিলেটর দিয়ে বৈদ্যুতিক শকও দেওয়া হয়। পাশাপাশি দ্রুত জাতীয় মেডিকেল ইমার্জেন্সি ইনস্টিটিউটের জরুরি সেবায় খবর দেওয়া হয়। পরে কাস্ত্রোকে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
মৃত্যুর কয়েক ঘণ্টা আগে দেওয়া তার সেই বিশ্বাসের পোস্টটি এখন আরও বেশি আবেগঘন হয়ে উঠেছে। আকস্মিক এই ঘটনায় পর্তুগিজ ফুটবলে নেমে এসেছে শোকের ছায়া। ২০২৬ মৌসুমের জন্য রিয়াল স্পোর্ট ক্লাবে দে মাসামার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন কেভিন কাস্ত্রো। এর আগে ইংল্যান্ডের ইস্টবোর্ন বরোর হয়ে মিডফিল্ডার হিসেবে খেলেছেন তিনি।
এর আগে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের একাডেমিতেও ছিলেন কাস্ত্রো। ক্লাবটির মূল দলের হয়ে লিগ কাপের ম্যাচে আর্সেনালের বিপক্ষে অভিষেক হয়েছিল তার। মাত্র ২৫ বছর বয়সে মাঠে আকস্মিক এই মৃত্যুতে কাস্ত্রোর শেষ ইনস্টাগ্রাম পোস্টটিও এখন হয়ে উঠেছে তার জীবনের শেষ স্মৃতিগুলোর একটি।


