বৃহস্পতিবার
১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলিয়ান ফুটবল ক্লাবের বাসে মিলল বিপুল পরিমাণ গাঁজা!

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০৮:৩৯ এএম আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৮:৪৩ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বলিভিয়ায় কোপা সুদামেরিকানার গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অপ্রত্যাশিত ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলোতে। দলকে বহনের জন্য ভাড়া করা একটি বাস পুলিশের হাতে আটক হয়েছে বিপুল পরিমাণ গাঁজাসহ। বাসটিতে সাও পাওলোর ক্লাবের লোগোও লাগানো ছিল। তবে স্বস্তির বিষয়, ঘটনার কারণে দলের ভ্রমণ বা ম্যাচের প্রস্তুতিতে কোনো বিঘ্ন ঘটেনি।

সাও পাওলোর লজিস্টিকসের দায়িত্বে থাকা বাসেস কসমস কোম্পানির একটি বাসে অভিযান চালিয়ে পুলিশ ৮৬.৫ কেজি গাঁজা উদ্ধার করে। বাসটি সাও পাওলোর দলকে তুলে নেওয়ার জন্য যাওয়ার পথে আটক হয়। ক্লাবের লোগো লাগানো থাকলেও ওই বাসে সাও পাওলোর কোনো খেলোয়াড় বা কর্মকর্তা ছিলেন না।

ঘটনার পর বাসেস কসমস দ্রুত বিকল্প একটি গাড়ির ব্যবস্থা করে। সেই গাড়িতেই সোমবার বিমানবন্দর থেকে হোটেলে যায় সাও পাওলোর দল। মঙ্গলবার হোটেল থেকে আবার বিমানবন্দরে পৌঁছে দেওয়া হয় দলকে। এরপর সেখান থেকে লা পাজের উদ্দেশে রওনা দেয় তারা।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি সম্পর্কে পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাদের অবহিত করেনি। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকেই প্রথম বিষয়টি জানতে পারে সাও পাওলো। ফলে দলের নির্ধারিত সূচিতে কোনো পরিবর্তন আনতে হয়নি।

বাসেস কসমস-এর পক্ষ থেকে অবশ্য নিজেদের দায় অস্বীকার করা হয়েছে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, পুরো ঘটনার দায় সংশ্লিষ্ট বাসচালকদের। একই সঙ্গে তারা স্পষ্ট করেছে, সাও পাওলোর দল ওই আটক বাসটি ব্যবহার করেনি; বরং কোম্পানির সরবরাহ করা অন্য একটি গাড়িতে যাতায়াত করেছে। প্রতিষ্ঠানটির দাবি, পুলিশ ইতোমধ্যে বিষয়টি তদন্ত করে দায়ীদের গ্রেপ্তার করেছে।

এদিকে উচ্চতার প্রভাব এড়াতে সাও পাওলো আগে থেকেই বিশেষ কৌশল নিয়েছে। দলটি অবস্থান করছে সান্তা ক্রুজ দে লা সিয়েরায় এবং ম্যাচের কয়েক ঘণ্টা আগে লা পাজে যাওয়ার পরিকল্পনা করেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,৬৫০ মিটার উচ্চতায় অবস্থিত লা পাজে দীর্ঘ সময় অবস্থান না করাই তাদের কৌশল।

কোপা সুদামেরিকানার শেষ ষোলোর ম্যাচে বলিভারের মুখোমুখি হওয়ার কথা সাও পাওলোর। ম্যাচের আগে দলের বাসে মাদক উদ্ধারের ঘটনা নিয়ে তোলপাড় হলেও, ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে- মাঠের বাইরের এই ঘটনায় দলের প্রস্তুতিতে কোনো প্রভাব পড়েনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank