মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আর্সেনালে ‘যাওয়া’ প্রসঙ্গে যা বললেন ভিনিসিয়ুস

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০২:৩১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে দলবদলের জল্পনা নতুন মাত্রা পেলেও, তার প্রতিনিধিরা এসব খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। বিশেষ করে ইংলিশ ক্লাব আর্সেনালে যোগ দেওয়ার গুঞ্জনকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ হিসেবে আখ্যা দিয়েছে ভিনিসিয়ুসের এজেন্ট প্রতিষ্ঠান রক নেশন স্পোর্টস ইন্টারন্যাশনাল।

সম্প্রতি কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নতুন মৌসুমে ভিনিসিয়ুসকে দলে নিতে আগ্রহী আর্সেনাল। একই সময়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা ধীরগতিতে চলায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ভবিষ্যৎ নিয়েও নানা জল্পনা শুরু হয়।

এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে রক নেশন স্পোর্টস ইন্টারন্যাশনালের সভাপতি মাইকেল ইয়োরমার্ক বলেন, পর্যাপ্ত তথ্য-প্রমাণ ছাড়াই খেলোয়াড়দের নিয়ে ভুয়া খবর প্রকাশ করা দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় নয়। তার অভিযোগ, কিছু গণমাধ্যম কেবল আলোচনায় আসার জন্য ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে, যা খেলোয়াড়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে।

তিনি আরও বলেন, এ ধরনের সংবাদ জনমনে ভুল ধারণা সৃষ্টি করে এবং অনেক ক্ষেত্রেই মানহানিকর হয়ে ওঠে। তাই খেলোয়াড়দের ব্যক্তিগত ও পেশাদার বিষয় নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

বর্তমানে ভিনিসিয়ুসের সঙ্গে রিয়াল মাদ্রিদের চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত। স্প্যানিশ গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা চলমান থাকলেও এখনো চূড়ান্ত কোনো সমঝোতা হয়নি।

এদিকে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ভিনিসিয়ুসকে দলে টানতে আগ্রহী আর্সেনাল প্রয়োজনে নিজেদের বেতন কাঠামো এবং ইমেজ রাইটস–সংক্রান্ত নীতিতেও নমনীয় হতে পারে। তবে এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের মধ্যে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার তথ্য পাওয়া যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন