মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কবে দায়িত্ব ছাড়ছেন স্ক্যালোনি, জানালেন নিজেই

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১০:১৭ পিএম
আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি ।। ছবি: সংগৃহীত
expand
আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি ।। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ফাইনালে হারার পর আবেগ ধরে রাখতে পারেননি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ১০ জনের দলে পরিণত হয়েও লড়াই চালিয়ে যাওয়া আর্জেন্টিনা শেষ পর্যন্ত স্পেনের কাছে ১-০ গোলে হেরে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের সুযোগ হারিয়েছে। এমন হারের পর আবেগাপ্লুত আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, ভবিষ্যৎ নিয়ে তিনি এখনো নিশ্চিত নন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি ফেডারেশনের সভাপতির সঙ্গে কথা বলব। আমার কিছু পরিকল্পনা আছে। তবে আমাকে ভাবতে হবে। কারণ এত বড় কিছু আবার করা সম্ভব কি না, সেটিও বিবেচনা করতে হবে।’

২০১৮ বিশ্বকাপে আর্জেন্টিনা শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর দলের দায়িত্ব নিয়েছিলেন স্কালোনি। তখন প্রধান কোচ হিসেবে তার অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন ছিল। কিন্তু দায়িত্ব নেওয়ার পর তিনি আর্জেন্টিনাকে এনে দিয়েছেন একের পর এক সাফল্য।

তার অধীনেই ২০২২ বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এর আগে ও পরে জিতেছে ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকার শিরোপা।

আর্জেন্টিনা দলের সাথে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত চুক্তি আছে স্ক্যালোনির। শেষ পর্যন্ত যদি ডিসেম্বরের পর চুক্তি নতুন করে নবায়ন না করা হয় তাহলে এখানেই আর্জেন্টিনা ফুটবল দলের সাথে এখানেই সম্পর্ক ছেদ হবে তার। তবে সরে দাঁড়ালে দেশের ইতিহাসের সবচেয়ে সফল কোচদের একজন হিসেবেই বিদায় নেবেন ৪৮ বছর বয়সী এই কোচ।

স্ক্যালোনি বলেন, ‘আমাকে এই সুযোগ দেওয়ার জন্য সভাপতির কাছে আমি কৃতজ্ঞ। এটি ছিল স্বপ্নের মতো একটি জায়গা। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা সবাই নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। এখন নিজের জন্য কিছুটা সময় নিয়ে ভাবতে চাই।’

চোখের পানি মুছতে মুছতে স্কালোনি বলেন, ‘আমি কখনো ভাবিনি, আমরা এখানে পৌঁছাতে পারব। এমন একটি দল আবার তৈরি করা খুব কঠিন। নতুন করে শুরু করতে হলে মানসিকভাবে অনেক কিছু বদলাতে হবে।’

ফাইনালে হারের জন্য অবশ্য খেলোয়াড়দের দায়ী করেননি তিনি। তার মতে, স্পেন ভালো খেলেছে এবং জয়ের যোগ্য ছিল। তিনি বলেন, ‘তারা জয়ের যোগ্য। আমাদের সেটা মেনে নিতে হবে। তবে আমরা খুব কাছাকাছি ছিলাম। আমি আমার খেলোয়াড় ও যারা আমাদের এখানে পৌঁছাতে সাহায্য করেছেন, সবাইকে ধন্যবাদ জানাই।’

টানা দুই বিশ্বকাপের ফাইনালে দলকে নেতৃত্ব দেওয়া আর্জেন্টিনার দ্বিতীয় কোচ স্কালোনি। এর আগে কার্লোস বিলার্দো ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতান এবং ১৯৯০ সালের ফাইনালে দলকে নিয়ে যান।

তবে স্কালোনির সামনে এখন বড় চ্যালেঞ্জ হতে পারে দল পুনর্গঠন। দীর্ঘদিনের সঙ্গী বেশ কয়েকজন খেলোয়াড়ের ভবিষ্যৎ অনিশ্চিত। অধিনায়ক লিওনেল মেসির বয়স এখন ৩৯। এবারের বিশ্বকাপে ৮ গোল ও ৪টি অ্যাসিস্ট করলেও ২০৩০ বিশ্বকাপে তার খেলা অনেকটাই অনিশ্চিত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন