

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২০০৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ব্যক্তিগত পারফরম্যান্স উপহার দিয়েছিলেন ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদান। ম্যাচ শেষে ব্রাজিলের ড্রেসিংরুমে জার্সি বিনিময়ের উদ্দেশ্যে ঢুকলেও বেশিক্ষণ থাকতে পারেননি তিনি। কারণ, ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও নিজেই তাকে চলে যেতে বলেছিলেন।
ঘটনার প্রায় ২০ বছর পর ফরাসি সংবাদমাধ্যম এল ইকুইপকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রথমবারের মতো সেই অজানা গল্প প্রকাশ করেছেন রোনালদো।
রোনালদো বলেন, ‘আমরা তখনও বন্ধু ছিলাম, এখনও আছি। জিদান আমাদের ড্রেসিংরুমে এসেছিল। কিন্তু তখন পরিবেশ ছিল খুবই ভারী। অনেক খেলোয়াড় কাঁদছিল। আমি তাকে অভিনন্দন জানিয়েছিলাম, তবে বলেছিলাম। এখন জার্সি বদলের সময় নয়। তাই তাকে চলে যেতে অনুরোধ করি।’
২০০৬ বিশ্বকাপে ব্রাজিল ছিল শিরোপার অন্যতম বড় দাবিদার। দলে ছিলেন রোনালদো, রোনালদিনহো, কাকা, আদ্রিয়ানো, কাফু, রবার্তো কার্লোস ও জে রবার্তোর মতো তারকারা। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবেও টুর্নামেন্টে নেমেছিল সেলেসাও। কিন্তু কোয়ার্টার ফাইনালে জিদানের অনবদ্য নৈপুণ্যের সামনে অসহায় হয়ে পড়ে ব্রাজিল। থিয়েরি অঁরির একমাত্র গোলে জয় পায় ফ্রান্স। তবে স্কোরলাইনের চেয়েও বেশি আলোচনায় ছিল জিদানের অসাধারণ পারফরম্যান্স।
রোনালদো নিজেও স্বীকার করেছেন, ‘জিদান সেদিন সত্যিই অনুপ্রাণিত ছিল। বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা ব্যক্তিগত পারফরম্যান্স হিসেবে এই ম্যাচকে বিবেচনা করা হয়, আর সেটি মোটেও কাকতালীয় নয়।’
সেই জয়ে ফ্রান্স ফাইনালে উঠলেও শেষ পর্যন্ত ইতালির কাছে টাইব্রেকারে হেরে শিরোপা হাতছাড়া করে। সেই ফাইনালটি আজও স্মরণীয় হয়ে আছে মার্কো মাতেরাজ্জিকে জিদানের বিখ্যাত 'হেডবাট'-এর কারণে।
