

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপে শুধু গোল বা জয়-পরাজয় নয়, খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্সও এখন বিশ্লেষণ করা হচ্ছে নতুনভাবে। ২০২৬ ফিফা বিশ্বকাপে প্রথমবারের মতো চালু হওয়া অফিসিয়াল ‘পাওয়ার র্যাংকিং’-এ গ্রুপ পর্ব শেষে বেশ কয়েকজন ফুটবলারের অবস্থানে বড় পরিবর্তন এসেছে। সবচেয়ে আলোচনায় রয়েছেন ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর আক্রমণভাগের তালিকায় নবম স্থানে ছিলেন ভিনিসিয়ুস। তবে পরের দুই ম্যাচে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের টানা ৩-০ ব্যবধানের জয়ে তিনি ছিলেন উজ্জ্বল। তিন ম্যাচে ৪ গোল ও একটি অ্যাসিস্ট করে ৮.০১ রেটিং অর্জন করেছেন এই উইঙ্গার। এতেই সরাসরি তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছেন তিনি। একই তালিকায় ব্রাজিলের আরেক ফরোয়ার্ড ম্যাথিউস কুনহা তিন গোল করে আছেন ১২ নম্বরে।
‘পাওয়ার র্যাংকিং’-এ এখনো সবার ওপরে আছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তিন ম্যাচে একটি হ্যাটট্রিকসহ মোট পাঁচ গোল করে তিনি পেয়েছেন ৮.৪৫ রেটিং। তবে জার্মান ফরোয়ার্ড দেনিজ উন্দাভ খুব কাছাকাছি চলে এসেছেন। ৮.৪২ রেটিং নিয়ে তিনি এখন মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ৮.১৮ রেটিং নিয়ে রয়েছেন তৃতীয় স্থানে।
শুধু আক্রমণেই নয়, রক্ষণাত্মক পারফরম্যান্সেও ব্রাজিলের প্রতিনিধিত্ব রয়েছে। অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো ৭.০৯ রেটিং নিয়ে ডিফেন্সিভ পারফরম্যান্সের তালিকায় উঠে এসেছেন ষষ্ঠ স্থানে। এই বিভাগে শীর্ষে আছেন বেলজিয়ামের ব্র্যান্ডন বেশিলে, যার রেটিং ৭.৫৮।
অন্যদিকে, আক্রমণ গড়ে তোলার দক্ষতার বিচারে বা 'ক্রিয়েটিভিটি' বিভাগে সবার ওপরে রয়েছেন ফ্রান্সের মাইকেল অলিসে। ৮.২১ রেটিং নিয়ে এই তালিকার নেতৃত্ব দিচ্ছেন তিনি।
এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো ফিফা এই ডেটাভিত্তিক মূল্যায়ন পদ্ধতি চালু করেছে। আরসেন ভেঙ্গারের তত্ত্বাবধানে তৈরি উন্নত অ্যালগরিদম প্রতিটি ম্যাচের অসংখ্য পরিসংখ্যান বিশ্লেষণ করে খেলোয়াড়দের আক্রমণ, সৃজনশীলতা ও রক্ষণ—এই তিন বিভাগে স্কোর নির্ধারণ করছে। ম্যাচ শেষে নিয়মিত হালনাগাদ হচ্ছে সেই রেটিং।
