মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাথায় আঘাত নিয়ে হাসপাতালে আর্জেন্টাইন ফুটবলার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১২:০৪ পিএম আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১২:০৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ইতালির সিরি আ লিগে জেনোয়ার বিপক্ষে ম্যাচে মাথায় গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হতে হয় কোমোর তরুণ আর্জেন্টাইন মিডফিল্ডার নিকো পাজকে। তবে প্রাথমিক পরীক্ষায় গুরুতর কোনো সমস্যা ধরা না পড়ায় স্বস্তির খবর জানিয়েছে ক্লাবটি।

রোববার (২৬ এপ্রিল) স্টাদিও লুইজি ফেরারিসে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে জেনোয়ার ডিফেন্ডার আলেসান্দ্রো মারকানদাল্লির সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পান ২১ বছর বয়সী এই ফুটবলার। আঘাতের পর তিনি এক চোখে ঠিকভাবে দেখতে না পারার কথা জানালে দ্রুত তাকে মাঠের বাইরে নেওয়া হয়।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় কোমোর কোচ সেস্ক ফাব্রেগাস বিরতির সময় তাকে বদলি করে মাঠে নামান ম্যাক্সেন্স কাকেরে। এরপর নিকো পাজকে স্থানীয় হাসপাতালে নিয়ে বিস্তারিত পরীক্ষা করা হয়।

ম্যাচ শেষে ফাব্রেগাস বলেন, ‘নিকো এখন ভালো আছে। হাসপাতালে তার পরীক্ষা চলছে। সে ঠিকভাবে দেখতে পারছিল না, তাই আমরা কোনো ঝুঁকি নিইনি। দলের জন্য খেলোয়াড়দের সুস্থতা সবকিছুর ঊর্ধ্বে।’

পরে স্কাই স্পোর্ট ইতালিয়া জানায়, সব ধরনের পরীক্ষার ফল স্বাভাবিক আসায় নিকো পাজকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি দলের সঙ্গে ফিরে গেছেন।

চলতি মৌসুমে দারুণ ফর্মে আছেন এই তরুণ মিডফিল্ডার। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮ ম্যাচে ১৩টি গোল ও ৮টি অ্যাসিস্ট করে তিনি সিরি আ’র অন্যতম প্রতিভাবান তরুণ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank