সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের স্কোয়াডে অনিশ্চিত নেইমার!

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পিএম
নেইমার জুনিয়র ।। ছবি: সংগৃহীত
expand
নেইমার জুনিয়র ।। ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের বাকি আছে আর মাত্র হাতে গোনা কয়েক মাস। এরই মধ্যে টুর্নামেন্টের জন্য ৪৮ দল চূড়ান্ত হয়ে গেছে। দলগুলোও তাদের প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে। বিশেষ করে সবগুলো দল বিশ্বকাপের স্কোয়াড গুছিয়ে নেওয়ার কাজ করছে।

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে দল গুছিয়ে নেওয়ার কাজ অনেকটাই শেষ করে ফেলেছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ শেষে সম্ভাব্য স্কোয়াডের বড় অংশ ঠিক হয়ে গেছে বলে স্প্যানিশ গণমাধ্যমের খবরে জানা গেছে। তবে সেই তালিকায় জায়গা হয়নি দলের অন্যতম বড় তারকা নেইমারের।

চোট থেকে ফিরে এলেও সাম্প্রতিক দুটি ম্যাচে তাকে দলে না রাখায় আলোচনা তৈরি হয়েছে। কোচিং স্টাফ ও ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন আগেই স্পষ্টভাবে জানিয়েছে, জাতীয় দলে ফিরতে হলে পুরোপুরি ফিট থাকা বাধ্যতামূলক। সবকিছু মিলিয়ে ধারণা করা হচ্ছে, সান্তোসের এই ফরোয়ার্ড বিশ্বকাপ দলে থাকছেন না।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ২৬ সদস্যের দলে ২৪টি জায়গা প্রায় চূড়ান্ত। সেখানে ৩৪ বছর বয়সী নেইমারের নাম নেই। বর্তমান স্কোয়াডের ওপরই আস্থা রাখছেন আনচেলত্তি। বাকি দুটি জায়গার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন লুকাস পাকেতা, এন্দ্রিক ও ইগোর থিয়াগো।

দল নির্বাচনে তরুণদের প্রতি ঝোঁক দেখাচ্ছেন আনচেলত্তি। একক কোনো তারকার ওপর নির্ভর না করে দলগত পারফরম্যান্সে গুরুত্ব দিচ্ছেন তিনি।

ফুটবল বিশ্লেষকরা বলছেন, চোট ও ম্যাচ ফিটনেসের ঘাটতিই নেইমারকে বাইরে রাখার প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে হাঁটুর চোট পাওয়ার পর থেকে জাতীয় দলের হয়ে আর খেলেননি তিনি। ২০২৫ সালের শুরুতে শৈশবের ক্লাব সান্তোসে ফিরলেও চলতি বছরে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি তার।

তবে নেইমারের মতো একজন তারকার সম্ভাব্য অনুপস্থিতি ইতিমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে। ফুটবল বিশ্বের পরিচিত ব্যক্তিত্ব হোসে মরিনহো, রোমারিও, রোনালদো নাজারিও ও কাফুর মতো অনেকেই তাকে দলে রাখার পক্ষে মত দিয়েছেন।

এরপরও কোচ যদি নিজের সিদ্ধান্তে অটল থাকেন, তাহলে এটি ব্রাজিল ফুটবলের জন্য একটি বড় পরিবর্তনের সূচনা হতে পারে। আগামী ১৮ মে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করার কথা রয়েছে ব্রাজিলের।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank