সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যাম্প ন্যু’তে বার্সার জয়রথ অব্যাহত 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৪:৫৭ এএম
গোল উদযাপন করছেন রাফিনিয়া ।। ছবি: সংগৃহীত
expand
গোল উদযাপন করছেন রাফিনিয়া ।। ছবি: সংগৃহীত

লা লিগার শিরোপার লড়াইয়ে এগিয়ে থাকার চাপ নিয়েই ঘরের মাঠে সেভিয়ার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। ম্যাচের আগে রিয়াল মাদ্রিদের চেয়ে মাত্র এক পয়েন্ট এগিয়ে ছিল কাতালানরা। তবে দাপুটে পারফরম্যান্সে বড় জয় তুলে নিয়ে সেই ব্যবধান আবারও বাড়িয়েছে তারা।

রোববার ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত ম্যাচে সেভিয়াকে ৫–২ গোলে হারিয়ে লা লিগার শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে বার্সেলোনা। নভেম্বরে ন্যু ক্যাম্পে ফেরার পর থেকে এটি বার্সেলোনার টানা দ্বাদশ জয়।

এ ম্যাচে হ্যাটট্রিক করেছেন বার্সার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। এছাড়া গোল করেছেন দানি ওলমো ও জোয়াও কানসেলো।

এটি বার্সেলোনার জন্য ছিল এক ধরনের প্রতিশোধও। গত অক্টোবরে সেভিয়ার মাঠে ৪–১ গোলে হেরেছিল তারা। এবার সেই সেভিয়াকেই ঘরের মাঠে বড় ব্যবধানে হারাল কাতালানরা। যদিও ম্যাচের দুই অর্ধের শেষ দিকে গোল করে ব্যবধান কিছুটা কমায় সেভিয়ার ওসো ও জিব্রিল সো।

এই ম্যাচে তরুণ তারকা লামিন ইয়ামালকে শুরু থেকেই খেলাননি কোচ হান্সি ফ্লিক। তাকে ৬৭ মিনিট পর্যন্ত বেঞ্চে রাখা হয়। ব্যস্ত সূচির কারণে এই ফুটবলারকে কিছুটা বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কোচ।

ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। সপ্তম মিনিটে ডি-বক্সে কানসেলোকে ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। রাফিনিয়া ঠান্ডা মাথায় পানেনকা শটে গোল করে দলকে এগিয়ে দেন।

২১তম মিনিটে আবারও পেনাল্টি পায় বার্সেলোনা। দ্বিতীয় স্পটকিক থেকেও গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনিয়া। নিচের কোণায় নেওয়া তার শটটি জালে জড়িয়ে যায়।

৩৮তম মিনিটে সেভিয়ার রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে তৃতীয় গোলটি করেন দানি ওলমো। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে সেভিয়া ম্যাচে ফেরার আভাস দেয়। হুয়ানলু সানচেজের ক্রস থেকে দারুণ ভলিতে গোল করেন ওসো।

দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার পর ৫১তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন রাফিনিয়া। ফারমিন লোপেজের দারুণ একটি দৌড় থেকে তৈরি হওয়া আক্রমণে তার শট নেমানজা গুডেলজের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে ঢুকে যায়।

৬০তম মিনিটে দুর্দান্ত একক প্রচেষ্টায় গোল করেন জোয়াও কানসেলো। মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে গিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন তিনি। প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষক ওদেসিয়াস ভ্লাচোডিমোসের দুই পায়ের মাঝ দিয়ে শট নিলে বল পোস্টে লেগে জালে জড়িয়ে যায়।

ম্যাচের শেষ দিকে রবার্ট লেভানডোভস্কি দুটি ভালো সুযোগ পেলেও গোল করতে পারেননি। ইনজুরি টাইমে জিব্রিল সো সেভিয়ার হয়ে আরেকটি গোল করলে স্কোরলাইন দাঁড়ায় ৫–২।

এই জয়ের ফলে লা লিগার শীর্ষে বার্সেলোনার পয়েন্ট দাঁড়িয়েছে ৭০। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে এখন চার পয়েন্ট এগিয়ে রয়েছে কাতালান ক্লাবটি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন