

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইয়ে দারুণ এক রাত কাটাল রিয়াল মাদ্রিদ। অধিনায়ক ফেদেরিকো ভালভার্দের দুর্দান্ত হ্যাটট্রিকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিকে ৩–০ গোলে হারিয়ে কোয়ার্টার–ফাইনালের পথে এক পা দিয়ে রাখল স্প্যানিশ জায়ান্টরা।
বুধবার (১১ মার্চ) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে স্বাগতিকরা। বল দখলে পিছিয়ে থাকলেও সুযোগ তৈরি ও গোল করার দিক থেকে এগিয়ে ছিল রিয়াল। পুরো ম্যাচে ৪০ শতাংশ বল দখলে রেখে তারা ১২টি শট নেয়, যার সাতটি ছিল লক্ষ্যে। বিপরীতে সিটির আট শটের চারটি লক্ষ্যভেদ করে।
ম্যাচের ২০তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। গোলরক্ষক থিবো কোর্তোয়ার লম্বা পাস থেকে বল পেয়ে দারুণ দক্ষতায় এক সিটি গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মাকে ফাঁকি দিয়ে কঠিন কোণ থেকে নিখুঁত শটে বল জালে পাঠান উরুগুয়ের এই মিডফিল্ডার।
প্রথম গোলের সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তিনিই। ভিনিসিয়ুস জুনিয়রের আক্রমণ থেকে বল রুবেন দিয়াসের গায়ে লেগে ভালভের্দের সামনে আসে। সুযোগ বুঝে দ্রুত বক্সে ঢুকে কোনাকুনি শটে আবারও পরাস্ত করেন দোন্নারুম্মাকে।
প্রথমার্ধেই নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন রিয়াল অধিনায়ক। ব্রাহিম দিয়াসের ভাসানো বল নিয়ন্ত্রণে নিয়ে ডি–বক্সে প্রতিপক্ষের চ্যালেঞ্জ সামলে ঠান্ডা মাথায় ভলি শটে তৃতীয় গোলটি করেন তিনি।
সিনিয়র ফুটবলে দীর্ঘ ক্যারিয়ারে এটিই ভালভার্দের প্রথম হ্যাটট্রিক। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আগের ৩৮ ম্যাচে তার গোল ছিল মাত্র তিনটি, কিন্তু সিটির বিপক্ষে এক ম্যাচেই করেন তিন গোল। চ্যাম্পিয়ন্স লিগেও এর আগে ৭৫ ম্যাচে তার গোল ছিল তিনটি; এবার প্রথমার্ধেই সেই সংখ্যাকে ছুঁয়ে ফেলেন তিনি।
বিরতির পরও আক্রমণের ধার বজায় রাখে রিয়াল। ম্যাচের ৫৬তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন ভিনিসিউস জুনিয়র। কিন্তু তার নেওয়া স্পট কিক দারুণভাবে ঠেকিয়ে দেন দোন্নারুম্মা।
অন্যদিকে পুরো ম্যাচে সিটির আক্রমণ খুব একটা ধারালো ছিল না। একাধিক সুযোগ তৈরি হলেও সেগুলো কাজে লাগাতে পারেননি আর্লিং হলান্ড ও জেরেমি ডকুরা।
এই জয়ে দুই লেগের লড়াইয়ে বড় সুবিধা নিয়ে ফেলেছে রিয়াল মাদ্রিদ। তবে কোয়ার্টার–ফাইনালে জায়গা নিশ্চিত করতে তাদের অপেক্ষা করতে হবে ফিরতি লেগের জন্য, যা অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার ম্যানচেস্টার সিটির মাঠে।
মন্তব্য করুন
