বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পেনাল্টি থেকে করা গোলে স্পেনের ইতিহাসে ওইয়ারসাবাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৩:০৩ এএম আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৩:৩৫ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ফ্রান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করে স্পেনকে এগিয়ে দেয়ার পাশাপাশি ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন মিকেল ওইয়ারসাবাল।

পেনাল্টি থেকে করা তার গোলেই প্রথমার্ধে এগিয়ে থেকে বিরতিতে যায় স্পেন। আর এই গোলের মধ্য দিয়ে জাতীয় দলের হয়ে এক মৌসুমে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েছেন স্প্যানিশ ফরোয়ার্ড।

ম্যাচের শুরু থেকেই ফ্রান্সের রক্ষণে চাপ তৈরি করছিল স্পেন। বলের দখল রেখে একের পর এক আক্রমণ সাজাতে থাকে স্প্যানিশরা। সেই চাপের ফল আসে প্রথমার্ধের ২০তম মিনিটে। ফ্রান্সের পেনাল্টি বক্সে লামিনে ইয়ামাল ফাউলের শিকার হলে স্পেনের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

স্পটকিক নিতে এগিয়ে আসেন ওইয়ারসাবাল। চাপের মুহূর্তেও ছিলেন আত্মবিশ্বাসী। তার জোরালো শট ঠেকাতে নিজের বাঁ দিকে ঝাঁপ দিয়েছিলেন ফ্রান্সের গোলরক্ষক মাইক মাইনিয়ঁ। শটের দিক ঠিক বুঝলেও বলের নাগাল পাননি তিনি। মাইনিয়ঁকে পরাস্ত করে বল জালে জড়াতেই উল্লাসে মেতে ওঠে স্পেন।

২২তম মিনিটের সেই গোলে ম্যাচে এগিয়ে যায় স্প্যানিশরা। তবে দলকে এগিয়ে দেয়ার চেয়েও ওইয়ারসাবালের জন্য গোলটির তাৎপর্য ছিল আরও বড়। ২০২৫-২৬ মৌসুমে স্পেনের জার্সিতে এটি তার ১৪তম গোল। স্পেনের ফুটবল ইতিহাসে জাতীয় দলের হয়ে এক মৌসুমে এত গোল করতে পারেননি আর কোনো খেলোয়াড়।

নতুন এই রেকর্ড গড়ার পথে স্পেনের সাবেক তারকা স্ট্রাইকার দাভিদ ভিয়াকে পেছনে ফেলেছেন ওইয়ারসাবাল। ২০০৮-০৯ মৌসুমে জাতীয় দলের হয়ে ১৩ গোল করেছিলেন ভিয়া। দীর্ঘদিন ধরে এক মৌসুমে স্পেনের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটি ছিল তার দখলে।

প্রায় দেড় যুগের বেশি সময় ধরে টিকে থাকা সেই রেকর্ড এবার নিজের করে নিয়েছেন ওইয়ারসাবাল। ১৪ গোল নিয়ে এককভাবে উঠে গেছেন তালিকার শীর্ষে। ফ্রান্সের বিপক্ষে স্পেনকে এগিয়ে দেয়ার পাশাপাশি ব্যক্তিগত এক ঐতিহাসিক অর্জনেও নিজের নাম লিখিয়েছেন এই স্প্যানিয়ার্ড।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
England VS Argentina
Scheduled
16 Jul, 01:00 AM
VS
World Cup