

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপের নকআউট পর্বে ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করার আগে ক্রিশ্চিয়ানো রোনালদো কী বলেছিলেন, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
অনেক ভক্তের দাবি, কিক নেওয়ার আগে পর্তুগিজ অধিনায়ক ‘বিসমিল্লাহ’ উচ্চারণ করেছিলেন। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান।
টরন্টোয় অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় ক্রোয়েশিয়া। পরে পর্তুগালের একটি গোল অফসাইডের কারণে বাতিল হলেও পেনাল্টি থেকে সমতায় ফেরার সুযোগ পান রোনালদো।
৪১ বছর বয়সী এই তারকা এবার আর ভুল করেননি। আত্মবিশ্বাসের সঙ্গে বল জালে পাঠিয়ে ম্যাচে ১-১ সমতা ফেরান। এটি ছিল বিশ্বকাপের নকআউট পর্বে তার ক্যারিয়ারের প্রথম গোল।
তবে গোলের চেয়েও বেশি আলোচনায় এসেছে পেনাল্টি নেওয়ার আগের কয়েক সেকেন্ড। টেলিভিশন সম্প্রচারে দেখা যায়, শট নেওয়ার আগে নিজের সঙ্গে কিছু বলছিলেন রোনালদো। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবহারকারী দাবি করেন, তিনি ‘বিসমিল্লাহ’ বলেছিলেন।
একজন ভক্ত লিখেছেন, “ক্রিশ্চিয়ানো রোনালদো পেনাল্টি নেওয়ার আগে স্পষ্টতই ‘বিসমিল্লাহ’ বলছিলেন বলে মনে হয়েছে।
আরেকজনের মন্তব্য, “পেনাল্টি নেওয়ার আগে রোনালদো বলছিলেন- ‘বিসমিল্লাহ... বিসমিল্লাহ।’
তৃতীয় একজন লিখেছেন, “ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টি নেওয়ার ঠিক আগে রোনালদো ‘বিসমিল্লাহ’ বলেছেন।
তবে রোনালদো সত্যিই ‘বিসমিল্লাহ’ উচ্চারণ করেছিলেন কি না, সে বিষয়ে তার পক্ষ থেকে কোনো নিশ্চিত বক্তব্য আসেনি। ভিডিও দেখে ভক্তদের এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
অনেকের ধারণা, সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর থেকে ফ্রি-কিক বা পেনাল্টির আগে রোনালদো মাঝে মধ্যেই ‘বিসমিল্লাহ’ উচ্চারণ করেন। যদিও এ দাবিরও স্বাধীনভাবে নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।
ম্যাচে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় পায় পর্তুগাল। ইনজুরি টাইমে গনসালো রামোসের হেডে করা গোলে জয় নিশ্চিত হয় রোনালদোদের। অন্যদিকে ১০৩তম মিনিটে ক্রোয়েশিয়ার করা একটি গোল ভিএআরের সহায়তায় অফসাইডের কারণে বাতিল করা হয়।
ম্যাচ শেষে প্রয়াত সতীর্থ দিওগো জোতার ২১ নম্বর জার্সি পরে তাকে শ্রদ্ধা জানাতে দেখা যায় রোনালদোকে।


