

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন করা হয়েছে। একই আবেদনে অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৫ হাজার ব্যক্তিকে আসামি করার কথা বলা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে তামান্না চৌধুরী প্রিয়াংকা নামে এক নারী এ আবেদন করেন। বাদীর জবানবন্দি গ্রহণের পর আদালত আবেদনটি আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।
অভিযোগে বলা হয়েছে, গত বছরের ৫ ফেব্রুয়ারি পূর্বপরিকল্পিতভাবে ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালানো হয়। পরে বুলডোজার ব্যবহার করে ভবনের বিভিন্ন অংশ গুড়িয়ে দেওয়া হয়। এ সময় ঐতিহাসিক নথি, স্মৃতিচিহ্ন ও অন্যান্য সম্পদ লুট এবং অগ্নিসংযোগের মাধ্যমে ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
আবেদনে আরও অভিযোগ করা হয়, ঘটনাটির পেছনে কয়েকজনের উসকানি, নির্দেশনা ও দায়িত্বহীনতা ছিল। এ ঘটনায় রাষ্ট্র ও মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দলিল ও স্মৃতিচিহ্নের ক্ষতি হয়েছে বলেও দাবি করা হয়েছে।
মামলার আবেদনে ড. ইউনূস, ড. আসিফ নজরুল ছাড়াও ড. রেজওয়ানা হাসান, শফিকুল আলম, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকী, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মাহফুজ আলম, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুম, তাসনিম জারা, নাসিরুদ্দিন পাটোয়ারী, আরিফুল ইসলাম আদিব, সালেহ উদ্দিন সিফাত, পিনাকী ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন, কনক সারোয়ারসহ আরও কয়েকজনের নাম রয়েছে।
অভিযোগের বিষয়ে দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইন ও সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় অপরাধ আমলে নেওয়ার আবেদন করা হয়েছে। একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিরও আবেদন জানানো হয়েছে।
আদালত বাদীর বক্তব্য শুনে এ বিষয়ে পরবর্তী আদেশ দেবেন।


