

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিনে অবিশ্বাস্য নাটকীয়তায় বদলে গেল নকআউটের সমীকরণ। যোগ করা সময়ের শেষ মুহূর্তে গোল করে অস্ট্রিয়া ৩-৩ সমতায় ফেরে আলজেরিয়ার বিপক্ষে।
এই এক গোলেই রাউন্ড অব ৩২ নিশ্চিত হয় অস্ট্রিয়া ও আলজেরিয়ার, আর হৃদয়ভাঙা বিদায় নিতে হয় ইরানকে।
রোববার (২৮ জুন) অনুষ্ঠিত ‘জি’ গ্রুপের এই ম্যাচের দিকে তাকিয়ে ছিল ইরান। কারণ, আলজেরিয়া জয় পেলেই সেরা তৃতীয় স্থানধারী দল হিসেবে নকআউটে জায়গা করে নিত ইরান।
তিন ম্যাচে তিনটি ড্র করে তিন পয়েন্ট সংগ্রহ করলেও টাইব্রেকারে এগিয়ে থাকায় তাদের ভাগ্য নির্ভর করছিল এই ম্যাচের ফলের ওপর।
ম্যাচের শুরুতে এগিয়ে যায় অস্ট্রিয়া। পরে সমতায় ফেরে আলজেরিয়া। দ্বিতীয়ার্ধে আবারও লিড নেয় অস্ট্রিয়া, কিন্তু রিয়াদ মাহরেজের গোলে ফের সমতায় ফিরে উত্তর আফ্রিকার দলটি।
এরপর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে আলজেরিয়াকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন মাহরেজ। তখনই নকআউটের টিকিট প্রায় নিশ্চিত হয়ে যায় আলজেরিয়ার, আর ইরানেরও শেষ ৩২-এ ওঠার আশা জেগে ওঠে।
কিন্তু নাটকের শেষ অঙ্ক তখনও বাকি ছিল। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে বদলি খেলোয়াড় সাশা কালাইজদজিচ হেড থেকে গোল করে অস্ট্রিয়াকে ৩-৩ সমতায় ফেরান। শেষ মুহূর্তের এই গোলেই বদলে যায় পুরো হিসাব-নিকাশ। ড্রয়ের ফলে অস্ট্রিয়া ও আলজেরিয়া দু'দলই নকআউট নিশ্চিত করে, আর অল্পের জন্য বিদায় নিতে হয় ইরানকে।
বিশ্বকাপে ইরানের অভিযান ছিল নানা প্রতিকূলতায় ঘেরা। চলমান ভূরাজনৈতিক উত্তেজনার কারণে দলটিকে যুক্তরাষ্ট্রে কঠোর নিরাপত্তা ও ভ্রমণ বিধিনিষেধের মধ্যে খেলতে হয়েছে। কোচ আমির গালেনোয়ি অভিযোগ করেন, ভিসা জটিলতা, সহায়ক কর্মীদের প্রবেশে বাধা এবং প্রতিটি ম্যাচ শেষে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য হওয়ায় দলকে বাড়তি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে।
শুরুর দিকে গ্রুপ পর্বের ম্যাচগুলো মেক্সিকোয় আয়োজনের আবেদন করেছিল ইরান। পরে তাদের অনুশীলন ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে মেক্সিকোর তিজুয়ানায় স্থানান্তরের অনুমতি দেওয়া হয়। প্রথম দুই ম্যাচে খেলার আগের দিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করে ম্যাচ শেষে আবার মেক্সিকোয় ফিরে যেতে হয় দলটিকে। শেষ ম্যাচের আগে কিছুটা শিথিলতা এনে দুই দিন আগে সিয়াটলে যাওয়ার অনুমতি দেওয়া হয়।
ম্যাচ শেষে হতাশ ইরান কোচ বলেন, আমাদের সঙ্গে খুবই খারাপ আচরণ করা হয়েছে। আশা করি একদিন বিশ্ব এসব বিষয় জানবে। এই তরুণ ফুটবলাররা যে পরিস্থিতিতে দেশের প্রতিনিধিত্ব করেছে, তা ইতিহাসে লেখা থাকবে।
অন্যদিকে, অস্ট্রিয়া ও আলজেরিয়ার ৩-৩ সমতার ম্যাচটি চলতি বিশ্বকাপের সবচেয়ে রোমাঞ্চকর লড়াইগুলোর একটি হয়ে থাকল। শেষ দুই মিনিটে দুটি গোল শুধু ম্যাচের ফলই বদলায়নি, বদলে দিয়েছে নকআউট পর্বের পুরো চিত্রও।

