

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা। উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটির ঐতিহাসিক স্টেডিয়ামে, যেখানে প্রথম ম্যাচের আগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হবে আসর।
বাংলাদেশ সময় অনুযায়ী বৃহস্পতিবার (১১ জুন) রাত ১১টা ৩০ মিনিটে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। এতে মেক্সিকোর সংস্কৃতি, লোকজ ঐতিহ্য ও সংগীতের নানা রঙিন উপস্থাপনা থাকবে। এরপর রাত ১টায় মাঠে নামবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা, যার মধ্য দিয়ে শুরু হবে বিশ্বকাপের মূল লড়াই।
এবারের বিশ্বকাপকে ঘিরে আয়োজনে থাকছে বাড়তি বৈচিত্র্য। তিন আয়োজক দেশ মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্র নিজ নিজ প্রথম ম্যাচের আগে পৃথক উদ্বোধনী আয়োজন করবে। এর মধ্যে প্রথম অনুষ্ঠানটি হচ্ছে মেক্সিকো সিটিতে।
উদ্বোধনী মঞ্চে আন্তর্জাতিক তারকাদের উপস্থিতির কথাও জানা গেছে। বিভিন্ন প্রতিবেদনে শাকিরা, বার্না বয় ও জে বালভিনসহ একাধিক বিশ্বখ্যাত শিল্পীর পারফরম্যান্সের কথা উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ থেকে দর্শকরা টেলিভিশনে ম্যাচ ও অনুষ্ঠান উপভোগ করতে পারবেন সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টস চ্যানেলে। পাশাপাশি মোবাইল, ল্যাপটপ ও স্মার্ট টিভিতে দেখার জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে থাকছে টফি ও বায়োস্কোপ।
সব মিলিয়ে বাংলাদেশি দর্শকদের জন্য রাতের সূচি হবে—রাত ১১টা ৩০ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠান এবং রাত ১টায় প্রথম ম্যাচ। বিশ্বকাপের বর্ণাঢ্য সূচনার অপেক্ষায় এখন ফুটবলপ্রেমীরা।
