

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হারের পর এবার আরও বড় ধাক্কা খেল পাকিস্তান। ‘স্লো ওভাররেটের’ কারণে দলটির ম্যাচ ফির অর্ধেক জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট তালিকা থেকে কাটা হয়েছে ১১ পয়েন্ট।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি হয়েছিল বার্মিংহামের এজবাস্টনে। ম্যাচটিতে আট উইকেটে হেরে সিরিজে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। ম্যাচের নির্ধারিত সময়ের মধ্যে পাকিস্তান ১১ ওভার কম করায় এই শাস্তির মুখে পড়তে হয়েছে দলটিকে।
আইসিসির আচরণবিধি অনুযায়ী, নির্ধারিত ওভাররেটের চেয়ে প্রতি ওভার কম করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হয়। তবে এই জরিমানার সর্বোচ্চ সীমা ম্যাচ ফির ৫০ শতাংশ। ১১ ওভার কম করায় পাকিস্তানের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানাই প্রযোজ্য হয়েছে।
শুধু আর্থিক জরিমানাতেই বিষয়টি শেষ হয়নি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলার শর্ত অনুযায়ী, নির্ধারিত ওভারসংখ্যার চেয়ে প্রতি ওভার কম করার জন্য একটি করে পয়েন্ট কেটে নেওয়া হয়। সেই হিসাবে পাকিস্তানের পয়েন্ট থেকে বাদ গেছে ১১।
শাস্তির ফলে ডব্লিউটিসির পয়েন্ট তালিকায় পাকিস্তানের অবস্থান আরও দুর্বল হয়েছে। বর্তমানে দলটির পয়েন্ট শতাংশ ৪.৬৩ এবং তারা তালিকার নবম স্থানে রয়েছে।
এজবাস্টন টেস্টে পাকিস্তানের ধীরগতির ওভাররেটের বিষয়টি মাঠের আম্পায়ার পল রেইফেল ও ক্রিস গ্যাফানি, তৃতীয় আম্পায়ার আল্লাহুদিয়েন পালেকার এবং চতুর্থ আম্পায়ার রাসেল ওয়ারেনের প্রতিবেদনে উঠে আসে। তাঁদের অভিযোগের ভিত্তিতে পাকিস্তানের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত দেন আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে।
ইংল্যান্ড সফর শেষ করে পাকিস্তান এখন পরবর্তী ডব্লিউটিসি সিরিজের প্রস্তুতি নেবে। নভেম্বরে নিজেদের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা।

