বুধবার
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে বুলবুলের সময়ে: সুজন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
expand

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেতৃত্ব নিয়ে একের পর এক পরিবর্তন দেখেছে দেশের ক্রিকেট। সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের চোখে, এই সময়ের সবচেয়ে হতাশাজনক অধ্যায় ছিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড। তার মতে, কাজের ক্ষেত্রে সঠিক মানুষ বেছে নিতে না পারার কারণেই বুলবুল প্রত্যাশা পূরণ করতে পারেননি।

প্রায় ১০ মাস বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্বে ছিলেন বুলবুল। তার আগে দায়িত্বে ছিলেন আরেক সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। দুজনের কারও সময়ই অবশ্য দীর্ঘ হয়নি। বুলবুলের বোর্ডও বিতর্কিত নির্বাচনের কয়েক মাস পর দায়িত্ব হারায়।

সাম্প্রতিক দুই সভাপতির কাজের মূল্যায়ন করতে গিয়ে সুজন ফারুক আহমেদের প্রসঙ্গেও হতাশা প্রকাশ করেছেন। তার মতে, ফারুকের কাছ থেকে প্রত্যাশা ছিল অনেক বেশি। কিন্তু সবাইকে সঙ্গে নিয়ে চলার জায়গায় কিছু ভুল সিদ্ধান্ত পরিস্থিতিকে কঠিন করে তোলে।

ফারুককে ছোটবেলা থেকেই চেনেন বলে তার প্রতি ব্যক্তিগত শ্রদ্ধার কথাও জানিয়েছেন সুজন। ফারুকের কাছ থেকে ক্রিকেট শেখার কথাও স্মরণ করেছেন তিনি। তবে বিসিবি সভাপতি হওয়ার পর তার কিছু সিদ্ধান্তে নিজে কষ্ট পেয়েছেন বলে জানান সাবেক এই ক্রিকেটার।

ফারুক সভাপতি হওয়ার কিছুদিন পরই বিসিবি থেকে সরে দাঁড়িয়েছিলেন সুজন। তার দাবি, স্বেচ্ছায় সরে যাওয়ার চেয়ে তাকে কার্যত বোর্ড থেকে বের করে দেওয়া হয়েছিল। রাজনৈতিক তকমা দিয়ে তাকে বাদ দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

এতে ফারুকের প্রতি শ্রদ্ধা কমেনি বলেও পরিষ্কার করেছেন সুজন। বরং সাবেক এই অধিনায়ককে নিজের ক্রিকেটজীবনের একজন আদর্শ হিসেবে উল্লেখ করেছেন তিনি। তবে বোর্ড ছাড়ার সময়কার ঘটনাগুলো তাকে গভীরভাবে কষ্ট দিয়েছিল বলে জানান।

বুলবুলের সময়ের প্রসঙ্গে এসে সুজনের সমালোচনা আরও কঠোর হয়েছে। তার মতে, দেশের ক্রিকেটে সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে ওই সময়েই। বুলবুলের ক্রিকেটীয় জ্ঞান ও মেধা নিয়ে প্রশ্ন না থাকলেও আশপাশের মানুষ বাছাইয়ে ভুল করেছিলেন বলে মনে করেন তিনি।

সুজন বলেন, বুলবুলের সঙ্গে পাইলট ও ফাহিমের মতো ক্রিকেট-সংশ্লিষ্ট মানুষ থাকলেও পুরো দল বা ব্যবস্থাপনায় সঠিক সমন্বয় ছিল না। নেতৃত্বের ক্ষেত্রে ব্যক্তিগত আকাঙ্ক্ষা বা ভুল সিদ্ধান্ত যেন ক্রিকেটের স্বার্থকে ছাপিয়ে না যায়, সেটিও তার বক্তব্যে উঠে এসেছে।

এ বিষয়ে তিনি আরও বলেন, শুরুতেই যদি ব্যবস্থাপনায় সমস্যা থাকে, তাহলে পরে ভালো কাজ করা কঠিন হয়ে পড়ে। ক্রিকেটের উন্নয়ন নিয়ে আলোচনা অনেক হলেও বাস্তবে সেই অনুযায়ী কাজ হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

তবে বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবালকে নিয়ে আশাবাদী সুজন। তার যুক্তি, ক্রিকেটার হিসেবে তামিমের দীর্ঘ অভিজ্ঞতা এবং বর্তমান ক্রিকেট সম্পর্কে জ্ঞান তাকে বোর্ড পরিচালনায় সহায়তা করবে। সংগঠক হিসেবে হয়তো তার অভিজ্ঞতা খুব বেশি নয়, তবে ক্রিকেটীয় মেধা নিয়ে কোনো প্রশ্ন নেই বলে মনে করেন সুজন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank