মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ক্রিকেটার রেড্ডিকে ৮ বছরের নিষেধাজ্ঞা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০৬:৫৮ পিএম
বোদুগুম অখিলেশ রেড্ডি। ছবি: সংগৃহীত
expand
বোদুগুম অখিলেশ রেড্ডি। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতিবিরোধী নীতিমালা ভঙ্গের অভিযোগে যুক্তরাষ্ট্রের ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার বোদুগুম অখিলেশ রেড্ডিকে আট বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে।

২০২৫-২৬ মৌসুমের আবুধাবি টি-টেন টুর্নামেন্টে দুর্নীতিবিরোধী কোডের তিনটি ধারা ভঙ্গের দায়ে তাকে দোষী সাব্যস্ত করেছে আইসিসির দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনাল। ওই টুর্নামেন্টে তিনি অ্যাসপিন স্ট্যালিয়ন্সের হয়ে দুটি ম্যাচ খেলেছিলেন।

২০২৫ সালের নভেম্বরে রেড্ডিকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয় এবং তার বিরুদ্ধে দুর্নীতিবিরোধী কোডের নিম্নোক্ত ধারায় অভিযোগ আনা হয়।

আইসিসির স্বাধীন দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনাল তাকে দুর্নীতিবিরোধী বিধিমালার ২.১.১ ধারা লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করেছে। এই ধারায় ম্যাচের ফলাফল, গতিপ্রকৃতি বা পরিচালনায় অবৈধ প্রভাব বিস্তার কিংবা ফিক্সিংয়ের ষড়যন্ত্র ও প্রচেষ্টাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়।

শুধু তা–ই নয়, বিধিমালার ২.১.৪ ধারাতেও তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। ট্রাইব্যুনালের মতে, অন্য এক অংশগ্রহণকারীকে ফিক্সিং-সংক্রান্ত কর্মকাণ্ডে জড়াতে প্ররোচনা দেয়া, উৎসাহিত করা বা ইচ্ছাকৃতভাবে সহায়তা করার সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।

এ ছাড়া তদন্ত চলাকালে নিজের মোবাইল ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য ও বার্তা মুছে ফেলে তদন্ত প্রক্রিয়া ব্যাহত করার অভিযোগও তার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে। এ কারণে দুর্নীতিবিরোধী বিধিমালার ২.৪.৭ ধারা লঙ্ঘনের দায়েও তাকে দোষী সাব্যস্ত করেছে ট্রাইব্যুনাল।

আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) আইসিসিকে নির্ধারিত দুর্নীতিবিরোধী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দিয়েছিল। এরপর আইসিসির দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনাল তিনটি অভিযোগেই রেড্ডিকে দোষী সাব্যস্ত করে।

তার ওপর আরোপিত নিষেধাজ্ঞা ২০২৫ সালের ২১ নভেম্বর থেকে কার্যকর ধরা হয়েছে, যেদিন থেকে তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল।

২৬ বছর বয়সী রেড্ডি ২০২৫ সালের এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। যুক্তরাষ্ট্রের হয়ে তিনি এখন পর্যন্ত চারটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

সূত্র: ক্রিকইনফো

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন