মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন লিগে দল পেলেন সাকিব

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৬:৪৫ পিএম আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৬:৫০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটে এখন আর নিয়মিত আলোচনায় নেই আন্তর্জাতিক মঞ্চে সাকিব আল হাসানের নাম। জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলার পর দীর্ঘ সময় মাঠের বাইরে থাকা এই অলরাউন্ডার অবশ্য থেমে নেই। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে নিজের ক্রিকেটযাত্রা চালিয়ে যাচ্ছেন তিনি। এবার সেই তালিকায় যুক্ত হলো নেপাল প্রিমিয়ার লিগ (এনপিএল)।

নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসরে পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে খেলবেন সাকিব। ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবকে দলে নেওয়ার খবর নিশ্চিত করেছে।

পোখারা অ্যাভেঞ্জার্সের পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে পরিচিত সাকিব এবার তাদের দলের অংশ হচ্ছেন। ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে তাকে স্বাগতও জানানো হয়েছে।

২০২৪ সালের অক্টোবরের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি সাকিবকে। এরপর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ঢাকা প্রিমিয়ার লিগের মতো ঘরোয়া প্রতিযোগিতাতেও অংশ নেওয়া হয়নি তার। সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলেছেন ২০২১ সালে।

তবে জাতীয় দল ও বড় ঘরোয়া লিগের বাইরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত উপস্থিতি ধরে রেখেছেন সাকিব। পাকিস্তান সুপার লিগ (পিএসএল), ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ও লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলেছেন তিনি। পিএসএল ও যুক্তরাষ্ট্রের মাইনর লিগে শিরোপা জয়ের অভিজ্ঞতাও রয়েছে তার।

সর্বশেষ লঙ্কান প্রিমিয়ার লিগে জাফনা কিংসের হয়ে চারটি ম্যাচ খেলেছেন সাকিব। সেখানে ৬.৩৩ ইকোনমি রেটে নিয়েছেন পাঁচ উইকেট।

নেপাল প্রিমিয়ার লিগে এবার নতুন অভিজ্ঞতা যোগ হতে যাচ্ছে তার ক্যারিয়ারে। ২০২৪ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টের প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছিল জনকপুর বোল্টস। রানার্সআপ হয়েছিল সুদূরপশ্চিম রয়্যালস। ২০২৫ সালেও ফাইনালে উঠেছিল রয়্যালস, তবে শিরোপা জিততে পারেনি। সেবার লুম্বিনি লায়নস ট্রফি জিতেছিল।

বিশ্বের বিভিন্ন লিগে খেলার মাধ্যমে সাকিব এখনো নিজের অভিজ্ঞতা ও দক্ষতার ব্যবহার করে যাচ্ছেন। নেপাল প্রিমিয়ার লিগে তার উপস্থিতি শুধু একটি নতুন দলের সঙ্গে যুক্ত হওয়া নয়, বরং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার দীর্ঘ পথচলায় আরেকটি নতুন অধ্যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন