রবিবার
১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরাজ-তাসকিনে প্রথম সেশন বাংলাদেশের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৬, ০১:১০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

মিরপুর টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন শেষে দারুণভাবে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ। দিনের শুরুতে পাকিস্তানের দুই ব্যাটার বড় জুটি গড়ে শক্ত অবস্থানের জানান দিলেও শেষ পর্যন্ত ম্যাচে ফিরেছে টাইগাররা। বিশেষ করে তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম সেশনে ৪ উইকেট হারিয়েছে সফরকারীরা।

রোববার (১০ মে) ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দিন শুরু করে পাকিস্তান। ক্রিজে ছিলেন আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজল। দুজনই আগের দিনের আত্মবিশ্বাস ধরে রেখে ব্যাটিং শুরু করেন। দ্রুতই নিজের শতক পূর্ণ করেন আজান। তবে সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। তাসকিন আহমেদের বলে আউট হওয়ার আগে ১৬৫ বলে ১০৩ রান করেন এই ব্যাটার।

আজানের বিদায়ের পরই ম্যাচে গতি ফেরে বাংলাদেশের দিকে। পাকিস্তানের অধিনায়ক শান মাসুদকে ফিরিয়ে দিনের দ্বিতীয় আঘাত হানেন তাসকিন। এরপর মেহেদী হাসান মিরাজ একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে পাকিস্তানের ‘মিডল অর্ডারে’ ধস নামান।

সাউদ শাকিলকে শূন্য রানে ফিরিয়ে দেন মিরাজ। এরপর ফিফটি করা আব্দুল্লাহ ফজলও তার শিকার হন। ফজল ২৩০ রানের সময় আউট হলে পঞ্চম উইকেট হারায় পাকিস্তান।

চাপের মুখে এরপর ইনিংস সামলানোর চেষ্টা করেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আঘা। এক পর্যায়ে তাসকিনের বলে আউট হয়েও নো বলের কারণে জীবন পান সালমান। এরপর লাঞ্চ পর্যন্ত আর কোনো উইকেট হারায়নি পাকিস্তান।

প্রথম সেশন শেষে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ২৫১ রান। এখনো বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে ১৬২ রানে পিছিয়ে রয়েছে তারা। সালমান আলী আঘা ১২ এবং মোহাম্মদ রিজওয়ান ৮ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশের হয়ে মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ৩ উইকেট। তাসকিন আহমেদ পেয়েছেন ২টি উইকেট।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন