রবিবার
২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাসের বক্সে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেলো ৫৫ ছাগল, ২ জনকে জরিমানা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৫:৩৬ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

লালমনিরহাট থেকে লক্ষ্মীপুরে আনার পথে একটি যাত্রীবাহী বাসের বক্সের ভেতরে শ্বাসরুদ্ধ হয়ে ৫৫টি ছাগলের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় প্রাণীদের প্রতি নিষ্ঠুর আচরণের অভিযোগে বাসের সুপারভাইজার আবুল হাশেম ও ছাগল ব্যবসায়ী মো. ফারুককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দুপুরে অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যাথোয়াইপ্রু মারমা।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে আবুল হাশেম লালমনিরহাট জেলার সাপটানা এলাকার মৃত খায়ের উল্যার ছেলে। অন্যদিকে, মো. ফারুক লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর গ্রামের বাসিন্দা মো. খোকনের ছেলে। হাশেম বাসের সুপারভাইজার হিসেবে কর্মরত এবং ফারুক একজন ছাগল ব্যবসায়ী।

উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাতে লালমনিরহাট থেকে আনিন্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাসের বক্সে গাদাগাদি করে মোট ৫৫টি ছাগল লক্ষ্মীপুরে আনা হচ্ছিল। এর মধ্যে ফারুকের ৪৭টি এবং নোয়াখালীর এক ব্যবসায়ীর ৮টি ছাগল ছিল। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় তীব্র গরম ও পর্যাপ্ত বাতাসের অভাবে ছাগলগুলো দমবন্ধ হয়ে মারা যায়।

ঘটনার পর ফারুক বাসচালক ও সুপারভাইজারের ওপর ক্ষুব্ধ হয়ে বিষয়টি সদর মডেল থানায় জানান। পরে পুলিশ উভয় পক্ষকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সোপর্দ করে। পরবর্তীতে ছাগলের প্রতি নির্দয় আচরণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তাদের জরিমানা করেন।

ছাগল ব্যবসায়ী মো. ফারুক বলেন, 'লালমনিরহাটের হাতিবান্ধা থেকে আমার বাবা ছাগলগুলো কিনে বাসে করে লক্ষ্মীপুরে পাঠিয়েছেন। প্রায় ২ বছর ধরেই এভাবে বাসের বক্সে করে আমরা ছাগল নিয়ে আসছি। প্রতি ছাগলের জন্য ৩০০ টাকা ভাড়া নেয় বাস কর্তৃপক্ষ। কখনো কোনো ছাগল মারা যায়নি। কিন্তু এবার বাসচালক ও সুপারভাইজারের অবহেলার কারণে ছাগলগুলোর মৃত্যু হয়েছে। এতে আমাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

লক্ষ্মীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন সোহেল রানা বলেন, গরমে দম বন্ধ হয়ে সবগুলো ছাগল মারা গেছে। ছাগলগুলোর প্রতি নিষ্ঠুর আচরণ করা হয়েছে। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত বাসের সুপারভাইজারের ৫ হাজার ও ছাগল ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন