

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ক্রিকেট মাঠে মাঝে মাঝেই এমন কিছু ঘটনা ঘটে, যা পরিসংখ্যানের চেয়েও বড় হয়ে ওঠে গল্পে। অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে অপেশাদার ক্রিকেটের এক ম্যাচে তেমনই এক স্মরণীয় মুহূর্তের জন্ম দিয়েছেন বাবা–ছেলে জুটি। করোমণ্ডল ক্রিকেট ক্লাবের হয়ে ওপেনিংয়ে নেমে ড্যারেন চিক ও স্যাম চিক মিলে পুরো ৪০ ওভার ব্যাটিং করে গড়েছেন ৫৯০ রানের বিশাল জুটি।
এই ম্যাচে ব্যাট হাতে সবচেয়ে বেশি আলো ছড়ান স্যাম চিক। মাত্র ১৩৭ বলেই তিনি খেলেন ৪০২ রানের এক বিধ্বংসী ইনিংস। তার এই ইনিংসে ছিল ৪২টি ছক্কা এবং ৩০টি চার। ইনিংসের দ্বিতীয় বলেই শূন্য রানে অবশ্য তার একটি ক্যাচ ফেলে দেন প্রতিপক্ষের এক ফিল্ডার। এরপর আর পেছনে তাকাতে হয়নি। একের পর এক বড় শটে বোলারদের ওপর কার্যত ঝড় তুলতে থাকেন স্যাম।
ছেলের এমন তাণ্ডবের দিনে ৬৩ বছর বয়সী বাবা ড্যারেন চিকও দারুণ সমর্থন দেন। তিনি ১০৮ বলে অপরাজিত ১৭৫ রান করেন। ড্যারেন মূলত স্ট্রাইক ঘুরিয়ে ছেলেকে বড় শট খেলার সুযোগ করে দিতেই মনোযোগী ছিলেন।
ম্যাচ শেষে তিনি বলেন, ‘স্যাম যখন মারা শুরু করল, তখন মাঠের সীমানা বড় না ছোট—সেটা আর কোনো বিষয় ছিল না। ওর বেশিরভাগ ছক্কাই ছিল বিশাল।’
এই ঘটনার সঙ্গে জড়িয়ে আছে একটি আবেগঘন স্মৃতিও। প্রায় তিন দশক আগে, ১৯৯৬ সালে একই প্রতিপক্ষ মরফেটভিল পার্কের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন ড্যারেন চিক। তখন ছোট্ট স্যাম মাঠের পাশে দাঁড়িয়ে বাবার চার–ছক্কায় হাততালি দিতেন। সময়ের ব্যবধানে সেই ছেলেই আজ বাবার পাশে দাঁড়িয়ে ব্যাট হাতে গড়লেন অবিশ্বাস্য এক রেকর্ড জুটি।
মন্তব্য করুন
