সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-পাকিস্তানের অঘোষিত ফাইনাল আজ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০১:০১ পিএম আপডেট : ১৫ মার্চ ২০২৬, ১২:৫৯ পিএম
বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা
expand
বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা

প্রথম দুই ম্যাচ শেষে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজে সমতা বিরাজ করছে। ফলে তিন ম্যাচের এই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি কার্যত অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে।

সিরিজ জয়ের লক্ষ্যে আজ রোববার (১৫ মার্চ) শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে।

সিরিজের প্রথম ম্যাচে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে বড় জয় তুলে নেয় বাংলাদেশ। সে ম্যাচে পাকিস্তানকে মাত্র ১১৪ রানে অলআউট করে ৮ উইকেটের সহজ জয় পায় স্বাগতিকরা। ওই ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন পেসার নাহিদ রানা। তিনি ৭ ওভার বল করে ২৪ রান দিয়ে ৫টি উইকেট নেন।

তবে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। বৃষ্টির কারণে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে নির্ধারিত লক্ষ্যে খেলতে গিয়ে ১২৮ রানে ম্যাচ হারে বাংলাদেশ। ফলে সিরিজে সমতা ফিরে আসে।

এখন সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে দুই দলই। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতার পুনরাবৃত্তি হলে বাংলাদেশের জন্য সিরিজ জেতা কঠিন হয়ে পড়তে পারে।

দ্বিতীয় ম্যাচে দলের পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তিনি বলেন, ম্যাচের শুরুতে ব্যাটিংয়ে দল প্রত্যাশা অনুযায়ী করতে পারেনি।

মিরাজের মতে, প্রথম ১০ ওভারে বাংলাদেশ ভালো করতে পারেনি, যা প্রথম ম্যাচে তারা করতে পেরেছিল। তিনি বলেন, ব্যাটিংয়ের জন্য উইকেটটি ভালো ছিল, কিন্তু টপ অর্ডারের ব্যাটাররা বড় রান করতে পারেননি।

সিরিজ জিততে হলে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই আরও উন্নতি দরকার বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, খেলোয়াড়দের আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে এবং নিজেদের সেরাটা মাঠে দিতে হবে।

সিরিজ নির্ধারণী এই ম্যাচে দ্বিতীয় ওয়ানডেতে যে দল নিয়ে দুই পক্ষ মাঠে নেমেছিল, সেই দলেই আবারও খেলতে পারে বাংলাদেশ ও পাকিস্তান—এমন সম্ভাবনার কথাও আলোচনা চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank