মঙ্গলবার
১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তান সিরিজে নতুন ভূমিকায় দেখা যাবে লিটনকে 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৭:৪০ পিএম
লিটন দাস ।। ফাইল ছবি
expand
লিটন দাস ।। ফাইল ছবি

পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নতুন ভূমিকায় দেখা যেতে পারে ওপেনার লিটন দাসকে। তবে এবার ওপেনিংয়ে নয়, বরং মিডল অর্ডারে দেখা যেতে পারে তাকে। টিম ম্যানেজমেন্ট এই সিরিজে নতুন ভূমিকায় তার পারফরম্যান্স যাচাই করতে চাইছে।

বুধবার (১১ মার্চ) মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ বনাম পাকিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজে লিটনের ৫ নম্বরে বা মিডল অর্ডারে ব্যাট করার সম্ভাবনা বেশি।

জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘ওয়ানডেতে লিটনকে টপ অর্ডার থেকে নামিয়ে মিডল অর্ডারে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের স্বার্থ ব্যক্তিগত স্বার্থের চেয়ে বড়।’

সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) অলস্টারস একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে লিটনকে ৫ নম্বরে দেখা গেছে। এতে বোঝা যাচ্ছে, তাকে এখন মিডল অর্ডারে ইনিংস গড়ার দায়িত্ব দেওয়া হতে পারে।

সালাউদ্দিন আরও বলেন, ‘দলের মিডল অর্ডারে এখন একটি বড় শূন্যতা আছে, কারণ অভিজ্ঞ দুই ক্রিকেটার মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ ওয়ানডে থেকে অবসর নিয়েছেন। সেই জায়গা পূরণ করতে অভিজ্ঞ কাউকে দরকার, আর তাই লিটনকে সেখানে খেলানোর পরিকল্পনা করা হয়েছে। লিটনের মিডল অর্ডারে খেলার অভিজ্ঞতা আছে, বিশেষ করে টেস্টে; তিনি সাধারণত ৫ বা ৬ নম্বরে ব্যাট করেন এবং সেখানে তার রেকর্ডও ভালো।’

গত বছর জুলাইয়ের পর থেকে জাতীয় দলের হয়ে একদিনের ক্রিকেটে নামা হয়নি লিটনের। এই সময়ে তিনটি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন তিনি। যেখানে তার রান ছিল ১০, ৫৫ এবং ০। আর এই কারণেই তাকে ওপেনিংয়ের পরিবর্তে মিডল অর্ডারের নামানোর কথা ভাবছে টিম ম্যানেজম্যান্ট।

সালাউদ্দিন বলেন, ‘ আমরা আশা করছি মিডল অর্ডারে সে স্থির হলে তার অভিজ্ঞতা দলকে অনেক সাহায্য করবে। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে লিটন একবার মিডল অর্ডারে নেমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন