বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

সবার আগে সেমিফাইনালে ইংল্যান্ড, বিপদ বাড়লো পাকিস্তানের 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৬ এএম আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৯ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে ইংল্যান্ডের জয়ের বিকল্প ছিল না পাকিস্তানের। এমন সমীকরণের ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেনি তারা। উল্টো অধিনায়ক হ্যারি ব্রুকের দুর্দান্ত এক সেঞ্চুরিতে ২ উইকেটে জিতে সবার আগে সেমিফাইনালের টিকিট কেটেছে ইংলিশরা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় ইংল্যান্ড এবং পাকিস্তান। যেখানে টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৬৪ রানের চ্যালেঞ্জিং পুজিঁ দাড় করায় পাকিস্তান। জবাবে ৫ বল আর ২ উইকেট নিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংলিশরা।

এদিন আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। প্লাওয়ার প্লের ৪ ওভারের মধ্যেই ওপেনার সাইম আইয়ুব এবং অধিনায়ক সালমান আলীকে হারায় দলটি।

৭ বলে ৭ রান করে দলীয় ১৪ রান সাইম এবং ৬ বলে ৫ রান করে দলীয় ২৭ রানে বিদায় নেন সালমান আলী। তবে একপ্রান্ত আগলে ঠিকই এগিয়েছেন আরেক ওপেনার সাহিবজাদা ফারহান।

এরপর তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন অভিজ্ঞ বাবর আজম। পাওয়ারপ্লে’র মধ্যে এবং পরে আগ্রাসী ব্যাটিংয়ে রান তুলেছেন ফারহান। অন্যদিকে বাবর এগিয়েছেন ধীরেসুস্থে। তবে দলের ৭৩ রানের মাথাতে ২৪ বলে ২৫ রান করে বিদায় নেন বাবর আজম।

এরপর ফখর জামানকে সাথে নিয়ে নিজের ফিফটি পূর্ণ করেন ফারহান। তবে ফিফটির পর ইনিংস লম্বা করতে পারেননি এই ব্যাটার ১৪০ স্ট্রাইকরেটে ৪৫ বলে ৬৩ রানের ঝলমলে ইনিংস খেলে দলের ১২২ রানের মাথাতে বিদায় নেন তিনি। অন্যদিকে ১৬ বলে ২৫ রানের ক্যামিও খেলে ১৩২ রানের মাথাতে থেমেছেন ফখর।

শেষদিকে শাদাব খানের ঝড়ো ব্যাটিংয়ে দেড়শ রান পার করেছে পাকিস্তান। ১১ বলে ২৩ রানের ঝড়ো ইনিংস খেলেছেন শাদাব, আউট হয়েছেন ইনিংসের একদম শেষ বলে। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ১৬৪ রানের সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান।

ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট শিকার করেন লিয়াম ডওসন। ২টি করে উইকেট নিয়েছেন জেমি ওভারটন এবং জফরা আর্চার। ১ উইকেট তোলেন আদিল রশিদ।

১৬৫ রান তাড়া করতে নেমে এক পাশে একের পর এক উইকেট পড়তে থাকে। তবে অধিনায়ক ব্রুক ছিলেন চোয়ালবদ্ধ। একপাশ আগলে তো রেখেছেনই, রানও তুলেছেন ঝোড়োগতিতে।

শেষ পর্যন্ত জয় থেকে ১০ রান দূরে থাকতে ফেরেন সেঞ্চুরিয়ান ব্রুক। ৫১ বলে ১০০ রান করে আউট হন তিনি। ১০টি চারের সঙ্গে ৪টি ছক্কা হাঁকান তিনি।

শেষদিকে কয়েকটি উইকেট তুলে নিলেও সেটি ইংল্যান্ডকে হারানোর জন্য যথেষ্ট ছিল না। ২৩ বলে ২৮ রান করে দলের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রাহক উইল জ্যাকস।

পাকিস্তানের হয়ে ৪ উইকেট শিকার করেছেন শাহীন শাহ আফ্রিদি। ২টি করে উইকেট নেন উসমান তারিক এবং মোহাম্মদ নওয়াজ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X