শনিবার
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পিসিবিকে শ্রীলঙ্কার চিঠি 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১১ এএম
পাকিস্তান এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের লোগো
expand
পাকিস্তান এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের লোগো

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ ‘বয়কট’ না করতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে অনুরোধ জানিয়ে চিঠি লিখেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের (এসসি) সভাপতি শাম্মি সিলভা। পাকিস্তান দল এই এক ম্যাচ না খেললে দেশটির সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে বলেও চিঠিতে উল্লেখ করেন এসএলসি প্রধান।

শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে, দেশটি বিশ্বকাপের সহ আয়োজক হিসেবে অধীর আগ্রহ নিয়ে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের অপেক্ষা করছে। এরই মধ্যে সব প্রস্তুতিও সম্পন্ন করেছে তারা। চিঠিতে উল্লেখ করা হয়েছে শ্রীলঙ্কায় হতে যাওয়া ম্যাচগুলোর টিকিট বিক্রি হয়েছে এবং দর্শকদের মাঝে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে তুমুল আগ্রহ দেখা গেছে।

এসএলসি সতর্ক করে দিয়েছে, এ ধরণের ম্যাচে অংশগ্রহণ না করলে ব্যাপক আর্থিক প্রভাব পড়বে। পাকিস্তান ১৫ ফেব্রুয়ারির ম্যাচ না খেললে শ্রীলঙ্কার পর্যটন খাতেও এর নেতিবাচক প্রভাব পড়বে।

চিঠিতে অতীতে পাকিস্তান ক্রিকেটকে সহযোগিতার কথা স্মরণ করিয়ে, এসএলসি জানিয়েছে যখন অন্য ক্রিকেট খেলুড়ে দেশগুলো পাকিস্তান সফর করতে চায়নি, সে সময় বেশ কয়েকবার চ্যালেঞ্জিং এবং সংবেদনশীল পরিস্থিতিতেও পাকিস্তান সফর করেছে লঙ্কান ক্রিকেটাররা।

পাকিস্তান ক্রিকেট বোর্ডকে অনুরোধ জানানো হয়েছে ভারতের বিপক্ষে ম্যাচটিতে যেন পাকিস্তান অংশ নেয়, যাতে বিশ্বকাপের স্বার্থ, আয়োজক দেশ এবং কোটি কোটি ক্রিকেটভক্তের প্রত্যাশা পূরণ হয়। এখন দেখার বিষয়, পাকিস্তান ক্রিকেট বোর্ড এই আহ্বানে কী সিদ্ধান্ত নেয়।

প্রসঙ্গত, ২০০৯ সালে পাকিস্তান সফরের সময় লঙ্কান ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এসময় কোনো রকমে প্রাণে বাচেন শ্রীলঙ্কা দলের ক্রিকেটাররা। এ ঘটনার জেরে নিজেদের মাঠে প্রায় অর্ধ যুগ কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেনি পাকিস্তান দল। ২০১৫'তে জিম্বাবুয়ে দলকে এনে আবারও ক্রিকেট বিশ্বের নিজেদের নিরাপদ প্রমাণের চেষ্টা করে পিসিবি।

তবে সেই হামলার পর শ্রীলঙ্কাই বড় কোনো দল হিসেবে আবারও পাকিস্তান সফর করে। এরপর ধীরে ধীরে আবারও পরিস্থিতি স্বাভাবিক হয়। পাকিস্তানে একে একে খেলতে যায় সব দল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X