

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক ও অলরাউন্ডার বেন স্টোকস ক্রিকেট বলের আঘাতে মুখে গুরুতর চোট পেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে নিজেই নিজের বর্তমান অবস্থার কথা জানিয়েছেন তিনি।
৩৪ বছর বয়সী স্টোকস ইনস্টাগ্রামে প্রকাশ করা ছবিতে দেখা যায়, তার ডান চোখ ফুলে কালো হয়ে গেছে। পাশাপাশি গাল, ঠোঁট ও নাকে আঘাতের চিহ্ন রয়েছে এবং কিছু জায়গায় ব্যান্ডেজ বাঁধা। ছবির ক্যাপশনে রসিকতা করে তিনি লেখেন, “ক্রিকেট বলটার কী অবস্থা হয়েছে, সেটা আপনার দেখা উচিত,” সঙ্গে একটি হাসির ইমোজি যোগ করেন।
সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত অ্যাশেজ সিরিজে অংশ নেন স্টোকস। সিরিজে ৪-১ ব্যবধানে হারের মুখে পড়ে ইংল্যান্ড। সিডনিতে শেষ টেস্টে কুঁচকির চোটে পড়ায় দ্বিতীয় ইনিংসে তিনি বল করতে পারেননি। পুরো সিরিজে বল হাতে ভালো পারফরম্যান্স দেখালেও ব্যাটিংয়ে প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি।
অ্যাশেজে ভরাডুবির পর ইংল্যান্ড দলে অধিনায়কত্ব নিয়ে আলোচনা শুরু হলেও লাল বলের ক্রিকেটে নেতৃত্ব চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন স্টোকস। তবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পর্যালোচনার কারণে তার ভবিষ্যৎ এখনো চূড়ান্ত নয়। এদিকে কোচ ব্রেন্ডন ম্যাককালাম হারের পর ওঠা কিছু সমালোচনাকে “অসংগত” বলে মন্তব্য করেছেন।
সাদা বলের ক্রিকেটে নিয়মিত না হওয়ায় চলতি সপ্তাহে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বেন স্টোকসকে দেখা যাবে না।
স্টোকস আগামী ৪ জুন লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে ইংল্যান্ডের ঘরোয়া মৌসুম শুরু করবেন। এই দিন তার ৩৫তম জন্মদিনও। সুস্থ হয়ে উঠলে তিনি কাউন্টি চ্যাম্পিয়নশিপের শুরুর দিকে ডারহামের হয়ে মাঠে নামতে পারেন।
স্টোকসের চোট যেন তার পিছু ছাড়ছে না। ২০২৪ সালে তিনি দুইবার হ্যামস্ট্রিং চোটে পড়েছেন। ২০২৩ সালের শেষ দিকে হাঁটুর অস্ত্রোপচারের ধকল কাটিয়ে মাঠে ফিরলেও কাঁধের সমস্যার কারণে ভারতের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে খেলতে পারেননি।
২০২৭ পর্যন্ত ইসিবির সঙ্গে চুক্তিবদ্ধ এই অলরাউন্ডার টেস্ট ক্রিকেটে পূর্ণ মনোযোগ দিতে আগামী মাসের 'দ্য হান্ড্রেড'-এর নিলাম থেকে নিজেকে সরিয়ে রাখার সম্ভাবনা রয়েছে।
মন্তব্য করুন

