

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভলিবল নেশনস লিগে (ভিএনএল) ধারাবাহিকভাবে ফাইনালে উঠলেও এখন পর্যন্ত কাঙ্ক্ষিত শিরোপার দেখা পায়নি ব্রাজিল নারী ভলিবল দল। ২০১৮ সাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে এ নিয়ে পঞ্চমবারের মতো ফাইনালে উঠেছে দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়নরা।
তবে আগের চারটি ফাইনালেই রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। এবার তুরস্ককে হারিয়ে সেই আক্ষেপ ঘোচানোর পাশাপাশি প্রায় এক দশকের আন্তর্জাতিক শিরোপাখরাও কাটাতে চায় জোসে রবার্তো গিমারায়েসের দল।
রোববার (২৬ জুলাই) চীনের ম্যাকাওয়ে ভিএনএলের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও তুরস্ক। বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হবে শিরোপা নির্ধারণী এই ম্যাচটি।বাংলাদেশ সংবাদ
২০১৮ সালে ভিএনএল চালুর পর থেকেই টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল হিসেবে নিজেদের প্রমাণ করে আসছে ব্রাজিল। কিন্তু শিরোপার খুব কাছে গিয়েও বারবার হতাশা সঙ্গী হয়েছে তাদের।
২০১৯ ও ২০২১ সালের ফাইনালে যুক্তরাষ্ট্রের কাছে এবং ২০২২ ও ২০২৫ সালের ফাইনালে ইতালির কাছে পরাজিত হয়ে রানার্সআপ হয় দলটি। এবার পঞ্চম ফাইনালে উঠে সেই ব্যর্থতার ইতিহাস বদলাতে চায় তারা।
আন্তমহাদেশীয় বড় কোনো প্রতিযোগিতায় ব্রাজিলের সর্বশেষ স্বর্ণপদক এসেছিল ২০১৭ সালে (গ্রাঁ প্রি)। এরপর প্রায় নয় বছর কেটে গেলেও বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে আর শিরোপার দেখা পায়নি দলটি।
২০২০ টোকিও অলিম্পিকে রুপা, ২০২৪ প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপের ২০২২ সালের আসরে রুপা এবং ২০২৫ সালের আসরে ব্রোঞ্জ পদক জিতলেও ব্রাজিলের মতো ঐতিহ্যবাহী দলের কাছে কেবল রানার্সআপ হওয়া যথেষ্ট নয়। তাই দীর্ঘদিনের শিরোপাখরা দলটির জন্য বাড়তি চাপ তৈরি করেছে। তাই এবারের ফাইনাল তাদের জন্য দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটানোর বড় সুযোগ।
ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ তুরস্ক ২০২৩ সালে প্রথমবারের মতো ভিএনএল চ্যাম্পিয়ন হয়েছিল। প্যারিস অলিম্পিকের ব্রোঞ্জপদকের লড়াইয়ে এই তুরস্ককেই হারিয়েছিল ব্রাজিল। তবে বর্তমান ফাইনালের আগে বড় কিছু চোটের সমস্যায় পড়তে হয়েছে ব্রাজিলকে।
অধিনায়ক গাবি কোমরের চোটের কারণে পুরো টুর্নামেন্টেই মাঠের বাইরে আছেন। এ ছাড়া মাঝপথে চোটে ছিটকে গেছেন জুলিয়া কুদিয়েস ও তাইনারা। লিবেরো নিয়েমে পারিবারিক কারণে দলের সঙ্গে চীনে যাননি।
এত প্রতিকূলতার মধ্যেও দলকে ফাইনালে তুলেছেন ২০০৩ সাল থেকে ব্রাজিল নারী দলের প্রধান কোচের দায়িত্বে থাকা অভিজ্ঞ কোচ জোসে রবার্তো গিমারায়েস। তবে শিরোপা নিশ্চিত হওয়ার আগে কোনো উচ্ছ্বাসে ভাসতে চান না তিনি। ম্যাচ পূর্ববর্তী প্রতিক্রিয়ায় তিনি জানান, দলের মূল লক্ষ্য ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক হলেও ভিএনএলের এই শিরোপার গুরুত্ব তাদের কাছে কম নয়।
ব্রাজিল কোচ বলেন, ‘অবশ্যই আমরা ভিএনএল জিততে চাই। এখন আমাদের হোটেলে ফিরে বিশ্রাম নিতে হবে এবং ফাইনালের প্রস্তুতি নিতে হবে। সবাইকে শান্ত থাকতে হবে। অতিরিক্ত উচ্ছ্বাসের সময় এখনো আসেনি। কারণ আমাদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি এখনো বাকি।’
২০২৬ সালেই লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার টিকিট নিশ্চিত করার সুযোগ থাকায় সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপও ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মারাকানাজিনহোতে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। চ্যাম্পিয়ন দল সরাসরি অলিম্পিকে জায়গা করে নেবে। দক্ষিণ আমেরিকার মঞ্চে অবশ্য ব্রাজিলের আধিপত্য প্রশ্নাতীত। ১৯৯৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ১৫টি শিরোপা জিতেছে তারা।
আজকের ম্যাচটি তাই কেবল ভিএনএলের শিরোপা লড়াই নয়, বরং ব্রাজিলের দীর্ঘদিনের খরা কাটিয়ে নতুন ইতিহাস গড়ার হাতছানি।