

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা থেকে এবারের বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখানোর সম্প্রচার স্বত্ব কিনছে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। ফিফা থেকে কোনো দরপত্র ছাড়া অর্থাৎ সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) এ স্বত্ব কেনা হচ্ছে। এতে মোট খরচ হচ্ছে ৭২ কোটি ৭০ লাখ টাকা।
রোববার (৭ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৈঠক শেষে জানানো হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ টেলিভিশন সরাসরি ক্রয় পদ্ধতিতে ফিফা থেকে সম্প্রচার স্বত্ব কেনার প্রস্তাব প্রথম সভায় নীতিগত অনুমোদন দেওয়া হয়। পরে সভায় এর আর্থিক ব্যয়ের প্রস্তাব অনুমোদিত হয়।
প্রস্তাব অনুযায়ী, ফিফা ওয়ার্ল্ড কাপ-২০২৬-এর যাবতীয় মিডিয়া রাইটস কেনার জন্য সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে সরাসরি ফিফার সঙ্গে চুক্তি করবে বিটিভি কর্তৃপক্ষ। বাংলাদেশের ফুটবলপ্রেমীরা যাতে সহজেই বিশ্বকাপের খেলাগুলো দেখতে পারেন, তা নিশ্চিত করতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি বড় অঙ্কের বিনিয়োগ করছে।
সরাসরি ক্রয় পদ্ধতিতে কোনো আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে সরাসরি এমন স্বত্ব কেনা বাংলাদেশে এই প্রথম নয়। তবে এবারের বিশ্বকাপের জন্য সরকারের বড় অঙ্কের বরাদ্দকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।
আগেও বিটিভি বিভিন্ন সময় বড় আন্তর্জাতিক ক্রীড়া আসর সরাসরি সম্প্রচার করেছে। এবারের বিশ্বকাপের পূর্ণাঙ্গ মিডিয়া স্বত্বও তাদের অধীনে থাকবে। ফলে টেলিভিশন ছাড়াও ডিজিটাল প্ল্যাটফর্মে খেলা দেখানোর বিষয়ে একক সিদ্ধান্ত নিতে পারবে বিটিভি।
