রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রীপ্রতি ৫ টাকার বেশি টোল নয়, নিলে আইনানুগ ব্যবস্থা

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০৪:৪৮ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

নোয়াখালীর হাতিয়া উপজেলার চেয়ারম্যানঘাটে যাত্রী ও নৌযান থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পর্যালোচনা করে নির্ধারিত রেট অনুযায়ী টোল ও বিভিন্ন চার্জ আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৯ আগস্ট) যাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন, হাতিয়া থানা পুলিশ এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে বিষয়টি পর্যালোচনা করা হয়।

সভায় সিদ্ধান্ত হয়, যাত্রীপ্রতি সর্বোচ্চ ৫ টাকা ঘাটের টোল আদায় করা যাবে। এর বাইরে কোনো যাত্রীর কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। একই সঙ্গে স্পিডবোট, ট্রলারসহ অন্যান্য নৌযানের ক্ষেত্রে বিআইডব্লিউটিএর নির্ধারিত রেটচার্ট অনুযায়ী সংশ্লিষ্ট চার্জ আদায় করতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাসেল ইকবাল বলেন, যাত্রীদের অভিযোগ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়েছে। বিআইডব্লিউটিএর নির্ধারিত রেটচার্টের বাইরে কোনো ধরনের অতিরিক্ত টাকা কাউকে না দেওয়ার জন্য যাত্রীদের আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত হারের ব্যত্যয় ঘটিয়ে অতিরিক্ত টাকা আদায় করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নির্দেশনায় আরও বলা হয়, স্পিডবোটের বার্ডিং/বার্দিং চার্জ নির্ধারিত রেটচার্ট অনুযায়ী আদায় করা বাধ্যতামূলক। অন্যদিকে ট্রলারে যাত্রীদের কাছ থেকে কোনো ধরনের অতিরিক্ত চার্জ আদায় করা যাবে না।

প্রশাসনের পক্ষ থেকে যাত্রীদের উদ্দেশে বলা হয়েছে, নির্ধারিত রেটের অতিরিক্ত টাকা দাবি করা হলে তা না দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন