

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সফলতা মানুষের সবচেয়ে বড় স্বপ্ন। সবাই চায় শান্তিময় জীবন, সম্মান আর পরকালে জান্নাতের সুখ। ইসলামের দৃষ্টিতে এই সফলতার অন্যতম প্রধান পথ হলো নামাজ।
কোরআনে বলা হয়েছে,
“নিশ্চয়ই সফলতা লাভ করেছে মুমিনগণ, যারা তাদের নামাজে আন্তরিকভাবে বিনীত।” (সুরা মুমিনুন, আয়াত: ১-২) অর্থাৎ সত্যিকারের সফল মানুষ হলো সেই ব্যক্তি, যে মনোযোগ ও বিনয়ের সঙ্গে নামাজ আদায় করে। ইসলামের পরিভাষায় একে বলে ‘খুশু–খুজু’।
নামাজ শুধু ইবাদত নয়, এটি মানুষের চরিত্রও গড়ে তোলে। নিয়মিত নামাজ মানুষকে অন্যায়, অশ্লীলতা ও পাপ থেকে দূরে রাখে। আল্লাহ বলেন,
“নিশ্চয়ই নামাজ ব্যক্তিকে অশ্লীল ও পাপের কাজ থেকে বিরত রাখে।” (সুরা আল-আনকাবুত, আয়াত: ৪৫) নামাজ মানুষের জীবনকে পবিত্র ও পরিচ্ছন্ন করে। রাসুল (সা.) এক সুন্দর উদাহরণ দিয়ে বলেছেন,
“তোমাদের কারও বাড়ির দরজার সামনে যদি একটি নদী থাকে আর সে সেই নদীতে প্রতিদিন পাঁচবার গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবিরা বললেন, না, তার শরীরে কোনো ময়লা থাকবে না। তিনি বললেন, এটিই পাঁচ ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। এর দ্বারা আল্লাহ–তাআলা বান্দার পাপগুলো মুছে নিঃশেষ করে দেন।” (সহিহ মুসলিম, হাদিস: ৬৬৭)
আরও এক হাদিসে এসেছে,
“হে আবু জর, একজন মুসলমান যখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ আদায় করে, তখন এই গাছের পাতাগুলোর ন্যায় তার পাপগুলোও ঝরে যায়।” (মুসনাদে আহমাদ, হাদিস: ২১৫৫৬; শুআবুল ইমান, হাদিস: ২৯৬০) নবীজি (সা.) সুসংবাদ দিয়েছেন,
“আল্লাহ বান্দার ওপর যে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, যে ব্যক্তি তা গুরুত্বসহকারে আদায় করবে এবং কোনো রূপ অবহেলা করবে না, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করানোর প্রতিশ্রুতি দিয়েছেন।” (সুনানে আবু দাউদ, হাদিস: ৪২৫)
তাই আসুন, আমরা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি। নামাজই পারে আমাদের জীবনকে সুন্দর, শান্তিময় ও সফল করে তুলতে।
