

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নাটোরের নলডাঙ্গা উপজেলার তিন যুবক নিহত হয়েছেন। নিহতরা সবাই উপজেলার খাজুরা ইউনিয়নের বাসিন্দা।
রোববার (৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল ইমরান খান এবং খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোহরাব হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে রোববার (৯ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে সৌদি আরবের রিয়াদে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, খাজুরা ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের মো. জাকির হোসেনের ছেলে শামীম আহমেদ (৩৫), খাজুরা শ্রীপুরপাড়ার গোলাম রাব্বানীর ছেলে সাব্বির হোসেন শুভ (৩০) এবং মহিষডাঙ্গা গ্রামের আসলাম হোসেনের ছেলে রবিউল আউয়াল হৃদয় (২৫)।
খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত তিন যুবকই দারিদ্র্যের সঙ্গে লড়াই করে পরিবারের মুখে হাসি ফোটাতে কয়েক বছর আগে সৌদি আরবে পাড়ি জমান। তারা রিয়াদের খোরদাম শহরের একটি সোফা তৈরির কারখানায় কর্মরত ছিলেন। রোববার বিকেলে ওই কারখানায় হঠাৎ আগুন লাগে এবং তা দ্রুত ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ে। কারখানার ভেতরে কর্মরত অবস্থায় আগুনে পুড়ে তাদের মৃত্যু হয়।
তিনি বলেন, আমরা নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছি।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান খান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা জেলা প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। সোমবার (১০ আগস্ট) সকালে আমরা নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানাব। সরকারের পক্ষ থেকে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।