সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ কোরিয়ায় কুপাংয়ের গুদামে আগুন, ৫২ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি

শেখ সারোয়ার হোসেন, হোয়াসং (দক্ষিণ কোরিয়া) প্রতিনিধি
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৬:২০ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

দক্ষিণ কোরিয়ার বৃহত্তম ই-কমার্স প্রতিষ্ঠান কুপাং (Coupang)-এর ইনচন শহরের একটি লজিস্টিকস গুদামে লাগা আগুন দুই দিনের বেশি সময় পেরিয়েও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। গুদামে বিপুল পরিমাণ দাহ্য পণ্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা নেভাতে হিমশিম খেতে হচ্ছে দমকল বাহিনীকে।

বার্তা সংস্থা রয়টার্স ও দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ জানায়, গত ১৮ জুলাই সকালে ইনচনের সোকনাম শিল্প এলাকায় অবস্থিত কুপাংয়ের লজিস্টিকস সেন্টারের ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। পরে তা ভবনের ওপরের অংশে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় ভবনের একটি বড় অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

অগ্নিকাণ্ডের সময় ভবনের ভেতরে থাকা ১২১ জন কর্মীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তবে আগুন নেভানোর অভিযানে অন্তত একজন দমকলকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দমকল বিভাগ জানায়, গুদামে সংরক্ষিত কাগজের বাক্স, প্লাস্টিক ও অন্যান্য দাহ্য পণ্যের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘন ধোঁয়া ও ভবনের কাঠামোগত ঝুঁকির কারণে আগুন নিয়ন্ত্রণের কাজও ব্যাহত হচ্ছে।

এদিকে স্থানীয় প্রশাসন আশপাশের বাসিন্দাদের সতর্ক থাকতে, জানালা-দরজা বন্ধ রাখতে এবং ধোঁয়া থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করার পরামর্শ দিয়েছে। ভবনের একটি অংশ ধসে পড়ার আশঙ্কায় আশপাশের কিছু এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

কুপাং কর্তৃপক্ষ জানিয়েছে, তারা অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা করছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন