রবিবার
১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতের নারীকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদ, মামলা প্রত্যাহারের দাবি

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পিএম
মানববন্ধন
expand
মানববন্ধন

ভোলা পৌরসভার জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাওদা সুমিকে নিজ বাসা থেকে গ্রেপ্তারের প্রতিবাদ এবং তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

রোববার ৫ এপ্রিল দিবাগত রাতে ভোলা সদর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ একাডেমি রোডের নিজ বাড়ি থেকে বিবি সাওদাকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার দুপুরে ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৌরভ রায় মিঠুর আদালত থেকে তিনি জামিনে মুক্ত হন।

মানববন্ধনে দাঁড়িয়ে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা বলেন, দেশে তেল-গ্যাস সংকট দ্রুত সমাধান করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে সাইবার বুলিং বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, আগে শেখ হাসিনার স্বৈরাচারের সমালোচনা করা হলেও এখন একই ধরনের স্বৈরাচারী আচরণের পুনরাবৃত্তি হচ্ছে। বিভিন্ন স্থানে শ্রমিকসহ বিরোধী মতের লোকজনকে গ্রেপ্তার করা তারই প্রমাণ।

সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান বলেন, রক্তাক্ত জুলাইয়ের দীর্ঘ আন্দোলনের পর ৫ আগষ্ট পরবর্তী সরকারের কাছে দেশের জনগণ শান্তি ও স্বস্তি প্রত্যাশা করেছিল কিন্তু দেশে অরাজক পরিস্থিতি বিদ্যমান রেখে সরকার জনগণের মৌলিক প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হচ্ছে বার বার।

কেন্দ্রীয় রাজনৈতিক বিভাগীয় সেক্রেটারি ডা. হাবীবা চৌধুরী সুইট বলেন বোন সওদা সুমিকে ছেড়ে দেওয়া হয়েছে সেজন্য সরকারকে সাধুবাদ জানাই তবে এধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেটা লক্ষ রাখতে হবে। এ সময় হামসহ জনগুরুত্বর্পুণ বিষয়ে নজর দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারী সাবিকুন্নাহার মুন্নী বলেন, বর্তমান সরকার ৫১ দিন পার করেছে কিন্তু এরই মধ্যে তাদের যেসব এক্টিভিটিস আমরা দেখতে পাচ্ছি তার মাধ্যমে নুতন ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছি।

প্রচার বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু নাগরিক স্বাধীনতা হস্তক্ষেপ না করার আহবান জানিয়ে বলেন, বিশেষ করে নারীর অধিকার মর্যাদা ক্ষুন্ন হয় এমন কর্মকান্ড থেকে বিরত থাকুন। দেশের নাগরিকদের সমস্যা পেট্রোল পাম্পগুলোর দীর্ঘ লাইন দেখলেই বুঝা যায়।

সংগঠনটির আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট সাবেকুন্নাহার মুন্নী বলেন, নারীদের ওপর সাইবার বুলিংয়ের ঘটনা ঘটলেও তা নিয়ে কার্যকর পদক্ষেপ দেখা যায় না। অথচ একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের জেরে বিবি সাওদা সুমিকে অন্যায়ভাবে হয়রানি করা হয়েছে। নারীদের ওপর হয়রানি বন্ধ না হলে নারীরা রাজপথে নেমে আসবে এবং সে আন্দোলন থামানো যাবে না।

মানববন্ধনে ৮ দফা দাবি পেশ করা হয় দাবিগুলো হলো:

১। বিবি সওদার বিরুদ্ধে মামলা তুলে নিতে হবে। এবং তাকে গ্রেফতারের ইন্ধন দাতাকে গ্রেফতার করতে হবে।

২। মধ্যরাতে ওয়ারেন্ট ছাড়া কোন ব্যক্তিকে ঘর থেকে তুলে নেওয়ার কালচার বন্ধ করতে হবে।

৩। গ্রেফতারকৃত ব্যক্তিকে নিয়ে অশালীন কুরুচিপূর্ণ মন্তব্যকারীদেরকে সাইবার ক্রাইম মামলার আওতায় শাস্তি নিশ্চিত করতে হবে।

৪। সরকারের উদাসীনতায় তেল এবং গ্যাস সংকট বেড়ে চলেছে। বিরোধী দলকে সাথে নিয়ে আলোচনার মাধ্যমে এ সংকট মোকাবিলার উদ্যোগ নিতে হবে।

৫। বিএনপি সন্ত্রাসী কর্তৃক হামলা এবং উল্টা মামলার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে জন নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৬। জুলাই বিপ্লবের আকাঙ্খার আলোকে গণভোটের ফলাফল অনুযায়ী সংবিধান সংস্কার করে মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে।

৭। বিচার বিভাগের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং গুম সংক্রান্ত অর্ডিন্যান্স পুনর্বহাল করতে হবে।

৮। অটিস্টিক শিশুর মাকে মধ্যরাতে শিশু থেকে বিচ্ছিন্ন করে গ্রেফতারে মা ও শিশুর অধিকার লঙ্ঘিত হয়েছে। গ্রেফতারের নির্দেশদাতাকে শাস্তির আওতায় আনতে হবে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন