শনিবার
১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নারী আসনে বিএনপির মনোনয়ন কিনলেন জবি শিক্ষার্থী লাবনী

জবি প্রতিনিধি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৭:১৬ পিএম
নারী আসনে বিএনপির মনোনয়ন কিনলেন জবি শিক্ষার্থী লাবনী
expand
নারী আসনে বিএনপির মনোনয়ন কিনলেন জবি শিক্ষার্থী লাবনী

গুম হওয়া পরিবারের ন্যায়বিচারের দাবিতে দীর্ঘদিন ধরে রাজপথে সক্রিয় ‘মায়ের ডাক’ সংগঠনের অন্যতম সদস্য ও সাহসী সংগঠক নুসরাত জাহান লাবনী এবার সংরক্ষিত নারী আসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

শেরপুর ও জামালপুর জেলার জনগণের পক্ষে নিজেকে প্রার্থী হিসেবে তুলে ধরার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে।

নুসরাত জাহান লাবনী জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং ‘মায়ের ডাক’ সংগঠনের অন্যতম সমন্বয়ক। তিনি গুম হওয়া মাজহারুল ইসলাম রাসেলের ছোট বোন। রাসেল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং ২০১৩ সালের ৪ ডিসেম্বর সাজেদুল ইসলাম সুমনের সঙ্গে নিখোঁজ হন। এরপর থেকেই পরিবারটি ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে এবং লাবনী নিজেও আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত হন।

‘মায়ের ডাক’ সংগঠনটি গুম হওয়া ব্যক্তিদের পরিবারের ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। এর আগে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি সংগঠনের পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

মনোনয়ন ফরম সংগ্রহের সময় লাবনীর সাথে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শেরপুর ও জামালপুর জেলার বিএনপির নেতাকর্মী এবং গুম হওয়া ভিকটিম পরিবারের সদস্যরা।

পরে তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি তার রাজনৈতিক যাত্রা ও মানবাধিকার আন্দোলনে সফলতা কামনায় দোয়া প্রার্থনা করেন। রিজভী তার সাহসিকতা ও দৃঢ় অবস্থানের প্রশংসা করেন এবং গুম হওয়া পরিবারগুলোর ন্যায়বিচারের দাবিকে সমর্থন জানান।

লাবনী বলেন, “গুম হওয়া প্রতিটি পরিবারের কান্না আমি নিজের পরিবারের মতো অনুভব করি। রাজনীতিতে আসার উদ্দেশ্য ক্ষমতা নয়, বরং এই নির্যাতিত মানুষগুলোর ন্যায়বিচার নিশ্চিত করা।”

তিনি আরও জানান, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে তিনি কাজ করে যেতে চান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন